শেরপুর সদর উপজেলার পাকুরিয়া ইউনিয়নের চৈতনখিলা পশ্চিমপাড়া সাতঘড়িয়া গ্রামে চোর সন্দেহে এক যুবককে বাড়ি থেকে ধরে নিয়ে ঝুলিয়ে পেটানোর অভিযোগ উঠেছে। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকালে ঘটনাটি ঘটেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, কালু মিয়ার ছেলে নিলু মিয়া (২৫) গনই মমিনাকান্দা গ্রামের বাসিন্দা। পরিবারের দাবি, তাকে চুরির সন্দেহে বাড়ি থেকে ধরে নিয়ে ঝুলিয়ে মারধর করা হয়। গুরুতর আহত অবস্থায় নিলু মিয়া বর্তমানে শেরপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন।
নিলু মিয়ার মা অভিযোগ করেন, আমার নিরপরাধ ছেলেকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ধরে নিয়ে অন্যায়ভাবে মারধর করা হয়েছে। যারা তাকে চোর বানিয়ে ঝুলিয়ে মারধর করেছে, তারা নিজেরাই নেশাখোর ও চোর। আমি প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্ত ও দোষীদের শাস্তির দাবি জানাচ্ছি।
ঘটনার একটি ভিডিও শনিবার (২১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১২টার দিকে পাকুরিয়া ইউনিয়ন পরিষদের সদস্য মো. জসিম উদ্দিন তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে পোস্ট করেন।
পোস্টে তিনি লেখেন, কোনো তথ্য-প্রমাণ ছাড়া চুরির সন্দেহে বাড়ি থেকে ধরে নিয়ে একজন মানুষকে পেটানো কাম্য নয়।
ভিডিওটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে অনেকেই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন। কমেন্টে মো. ফোরকান রাজ লিখেছেন, ছেলেটা যদি চুরি করেও থাকে, তবে তাকে আইনের আওতায় দেওয়া যেত। এভাবে ঝোলানো ঠিক হয়নি।
শেরপুর সদর থানার ওসি মো. সোহেল রানা জানান, এ পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে এলাকাবাসী ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন