× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রাজশাহী ব্যুরো

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৬, ২০২৬, ০৯:২৭ এএম

পুঠিয়ায় বিদ্রোহী প্রার্থীর সমর্থককে মারধর, পুকুরে নামিয়ে অজু-গোসল

রাজশাহী ব্যুরো

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৬, ২০২৬, ০৯:২৭ এএম

বিদ্রোহী প্রার্থীর সমর্থককে মারধর, পুকুরে নামিয়ে অপদস্থ। ছবি : রূপালী বাংলাদেশ

বিদ্রোহী প্রার্থীর সমর্থককে মারধর, পুকুরে নামিয়ে অপদস্থ। ছবি : রূপালী বাংলাদেশ

রাজশাহীর পুঠিয়ায় বিএনপির ‘বিদ্রোহী’ প্রার্থীকে ভোট দেওয়ার অভিযোগে এক কাঠমিস্ত্রিকে লাঠিপেটা ও পুকুরে নামিয়ে অপদস্থ করার ঘটনা ঘটেছে। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। একই অভিযোগে আরও কয়েকজনকে মারধর ও মোটরসাইকেলসহ পুকুরে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে।

রাজশাহী-৫ আসন (পুঠিয়া ও দুর্গাপুর) থেকে বিএনপির প্রার্থী ছিলেন দলের জেলা কমিটির সদস্য নজরুল ইসলাম মণ্ডল। তিনি নির্বাচনে জয়ী হন। তার প্রতিদ্বন্দ্বী হিসেবে ঘোড়া প্রতীকে নির্বাচন করেন পুঠিয়া উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি ইসফা খায়রুল হক এবং ফুটবল প্রতীকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়েন লন্ডনপ্রবাসী বিএনপি নেতা রেজাউল করিম। ফল ঘোষণার পর থেকেই দুই ‘বিদ্রোহী’ প্রার্থীর সমর্থকদের ওপর হামলার অভিযোগ ওঠে।

ভাইরাল ভিডিওতে দেখা যায়, পুঠিয়া উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আলী হোসেন লাঠি হাতে বারইপাড়া গ্রামের মইদুল ইসলাম (৫০) নামের এক কাঠমিস্ত্রিকে মারধর করছেন। ধানের শীষ প্রতীকের বিপক্ষে ভোট দেওয়ার অভিযোগে তাকে গালাগাল করা হয়। একপর্যায়ে তাকে পুকুরে নেমে ডুব দিতে ও ‘ভুল’ স্বীকার করতে বাধ্য করা হয়। লাঠি ভেঙে গেলে হাতুড়ি দিয়ে মারার হুমকিও দেওয়া হয়। পরে তাকে অজু করতে ও কয়েকবার পানিতে ডুব দিতে বলা হয়।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে আলী হোসেন বলেন, ‘ঘটনা ঘটেছে। এখন যদি পত্রিকায় দেন, দিতে পারেন।’ তবে তিনি দাবি করেন, নির্বাচনের আগে তাদের পক্ষের মোটরসাইকেল ও পার্টি অফিসে হামলা হয়েছিল। এ বিষয়ে ভুক্তভোগী মইদুল ইসলামের বক্তব্য পাওয়া যায়নি।

এ ছাড়া পুঠিয়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আবদুল জব্বার অভিযোগ করেন, ভোটের পরদিন তাকে মারধর করে মোটরসাইকেলসহ পুকুরে ফেলে দেওয়া হয়। পরে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে। বর্তমানে তিনি রাজধানীতে চিকিৎসাধীন।

রামজীবনপুর এলাকার ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক দুলাল হোসেনকে মারধরের অভিযোগ রয়েছে। তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন। পুঠিয়া রাজবাড়ী-সংলগ্ন বাগানপাড়া এলাকার বিএনপিকর্মী আরিফুল ইসলামের পা ভেঙে দেওয়ার অভিযোগও উঠেছে। পুঠিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক মানবজমিনের উপজেলা প্রতিনিধি আরিফুল হকও হামলার শিকার হয়েছেন বলে জানিয়েছেন।

নবনির্বাচিত সংসদ সদস্য নজরুল ইসলাম মণ্ডল বলেন, বিষয়গুলো সম্পর্কে তিনি অবগত হয়েছেন এবং ভবিষ্যতে এমন ঘটনা যাতে না ঘটে, সে বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে।

পুঠিয়া থানার ওসি ফরিদুল ইসলাম জানান, পানিতে নামিয়ে অপদস্থ করার ঘটনার বিষয়ে পুলিশ অবগত রয়েছে। তবে এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ করেননি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

রূপালী বাংলাদেশ

Link copied!