টাঙ্গাইলের মির্জাপুরে মাটিবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে বসতঘরে ঢুকে পড়লে চাপা পড়ে নাজিম উদ্দিন (৭০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৩টার দিকে উপজেলার বানাইল ইউনিয়নের পাঁচচামারী গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পাকুল্যা–লাউহাটী সড়ক দিয়ে পশ্চিমমুখী একটি মাটিবোঝাই ট্রাক পাঁচচামারী এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। এ সময় ট্রাকটি রাস্তার পাশের একটি টিনের ঘরের এক পাশ ভেঙে সামনের আধাপাকা আরেকটি ঘরের দেয়ালে গিয়ে থামে। ওই টিনের ঘরে ঘুমিয়ে ছিলেন নাজিম উদ্দিন। ট্রাকটি ঘরের বেড়া ভেঙে খাটের ওপর ওঠে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে পুলিশ ট্রাকটি জব্দ করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে মির্জাপুর থানার ওসি আবদুল্লাহ আল মামুন বলেন, দুর্ঘটনার পর ট্রাকচালক পালিয়ে গেছেন। তাকে আটক করার পাশাপাশি অবৈধভাবে মাটি কাটার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন