‘আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার, সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার’—এই প্রতিপাদ্য সামনে রেখে আগামীকাল ৮ মার্চ বিশ্বব্যাপী পালিত হবে আন্তর্জাতিক নারী দিবস-২০২৬। দিবসটি সামনে রেখে বিশেষজ্ঞরা নারীর অধিকার সুরক্ষায় জন্ম ও মৃত্যুনিবন্ধন আইন সংস্কারের ওপর গুরুত্বারোপ করেছেন।
বিশেষজ্ঞদের মতে, আইনগত পরিচয় নিশ্চিত না হলে নারীর শিক্ষা, স্বাস্থ্যসেবা, সামাজিক সুরক্ষা ও আইনি ন্যায্যতা নিশ্চিত করা কঠিন হয়ে পড়ে। নারীর অধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় শক্তিশালী জন্ম ও মৃত্যুনিবন্ধন আইন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
একটি কন্যাশিশুর জন্মনিবন্ধন তার ভবিষ্যৎ সুরক্ষার প্রথম ধাপ। জন্মনিবন্ধন না থাকলে বয়স প্রমাণ করা কঠিন হয় এবং বাল্যবিবাহ প্রতিরোধে বাধা সৃষ্টি করে। এর ফলে কন্যাশিশুরা অপ্রাপ্তবয়স্ক মাতৃত্বের ঝুঁকিতে পড়ে, শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত হয় এবং সহিংসতার শিকার হওয়ার আশঙ্কা বৃদ্ধি পায়। পাশাপাশি নিবন্ধন না থাকলে নারী পাচার বা ঝুঁকিপূর্ণ শ্রমে জড়িয়ে পড়ার সম্ভাবনাও বাড়ে।
অন্যদিকে, মৃত্যুর পর নিবন্ধন না থাকলে নারীর সম্পত্তি সুরক্ষিত থাকে না। এতে আত্মীয়স্বজনের মধ্যে সম্পত্তি নিয়ে বিরোধের ঝুঁকি বৃদ্ধি পায়।
যদিও ২০৩০ সালের মধ্যে সবার জন্য জন্ম ও মৃত্যুনিবন্ধন নিশ্চিত করার অঙ্গীকার করেছে বাংলাদেশ, তবুও এখনো প্রায় অর্ধেক মানুষ নিবন্ধনের বাইরে রয়েছে। সংশ্লিষ্টরা মনে করছেন, বিদ্যমান আইনের সীমাবদ্ধতার কারণে শতভাগ নিবন্ধন নিশ্চিত করা কঠিন হয়ে পড়ছে।
বিশেষজ্ঞদের মতে, জন্ম ও মৃত্যুনিবন্ধন আইন সংশোধন করে পরিবারনির্ভর পদ্ধতির পরিবর্তে স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানকে আইনগতভাবে নিবন্ধনের দায়িত্ব দেওয়া হলে হাসপাতালে জন্ম নেওয়া প্রায় ৬৭ শতাংশ শিশু জন্মের সময়ই স্বয়ংক্রিয়ভাবে নিবন্ধনের আওতায় আসবে।
আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ উপলক্ষে এক প্রতিক্রিয়ায় গবেষণা ও অ্যাডভোকেসি প্রতিষ্ঠান প্রজ্ঞার নির্বাহী পরিচালক এবিএম জুবায়ের বলেন, ‘নারীর অধিকারের সূচনা হয় তার আইনগত পরিচয় থেকে। স্বাস্থ্যসেবা কেন্দ্রভিত্তিক নিবন্ধন বাধ্যতামূলক করা হলে নির্ধারিত সময়ের মধ্যে শতভাগ নিবন্ধন নিশ্চিত হওয়ার পাশাপাশি নারীর অধিকার সুরক্ষা ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ সুগম হবে।’
তিনি আরও বলেন, নারীর ক্ষমতায়ন ও অধিকার রক্ষায় জন্ম ও মৃত্যুনিবন্ধন ব্যবস্থাকে আরও কার্যকর ও আধুনিক করা এখন সময়ের দাবি।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন