কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে ২ লাখ ৩০ হাজার পিস ইয়াবা জব্দ করেছে বাংলাদেশ নৌবাহিনী।
রোববার (৮ মার্চ) উপজেলার হ্নীলা ইউনিয়নের রঙ্গীখালী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জনিয়েছে বাংলাদেশ নৌবাহিনী।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের নিরাপত্তা নিশ্চিতকরণ ও অপরাধ দমনের লক্ষ্যে বাংলাদেশ নৌবাহিনী দায়িত্বপ্রাপ্ত এলাকাগুলোতে নিয়মিত অভিযান ও টহল কার্যক্রম পরিচালনা করছে। এরই ধারাবাহিকতায় রোববার টেকনাফে মোতায়েনকৃত নৌবাহিনীর একটি দল হ্নীলা ইউনিয়নের রঙ্গীখালী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।
গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, একটি সংঘবদ্ধ মাদক কারবারি চক্র টেকনাফের হ্নীলা এলাকায় বিক্রি ও পাচারের উদ্দেশ্যে বিপুল পরিমাণ মাদক মজুত করে রেখেছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে নৌবাহিনীর একটি বিশেষ আভিযানিক দল সেখানে অভিযান চালায়।
অভিযানকালে মাদক কারবারিদের আস্তানা থেকে সাদা রঙের দুটি বস্তা উদ্ধার করা হয়। পরে বস্তাগুলো তল্লাশি করে ২ লাখ ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ১১ কোটি ৫০ লাখ টাকা বলে জানানো হয়েছে।
পরে উদ্ধার করা ইয়াবাগুলো প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দেশব্যাপী অপরাধমূলক কার্যক্রম প্রতিরোধ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে দায়িত্বপ্রাপ্ত এলাকাগুলোতে বাংলাদেশ নৌবাহিনী নিরবচ্ছিন্নভাবে অভিযান ও টহল কার্যক্রম পরিচালনা করছে। একই সঙ্গে উপকূলীয় এলাকাকে মাদকমুক্ত রাখতে নিয়মিত অভিযান চালানো হচ্ছে, যা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন