লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার প্রধান আসামি মামুনকে (২২) গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব)।
মঙ্গলবার (১০ মার্চ) এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন র্যাব-১৩, রংপুরের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী।
এর আগে সোমবার (৯ মার্চ) রাতে রংপুর মহানগরের লালবাগ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মামুন হাতীবান্ধা উপজেলার মৃত সামছুল হকের ছেলে।
মামলার বরাত দিয়ে র্যাব জানায়, প্রতিবেশী এক স্কুলছাত্রীকে প্রেমের ফাঁদে ফেলেন মামুন। গত ২৫ জানুয়ারি ওই স্কুলছাত্রীর পরিবার বাইরে বেড়াতে গেলে সুযোগ বুঝে রাতে তাকে বাড়িতে ডেকে নেন।
এক আত্মীয়ের বাড়িতে নিয়ে বিয়ের প্রলোভন দেখিয়ে তার ইচ্ছার বিরুদ্ধে ওই স্কুলছাত্রীকে ধর্ষণ করেন। পরে বিয়ের জন্য চাপ দিলে মামুন সময়ক্ষেপণ করতে থাকেন এবং একপর্যায়ে তার সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন।
অবশেষে নিরুপায় হয়ে স্কুলছাত্রী বিষয়টি পরিবারকে জানালে গত ১ মার্চ হাতীবান্ধা থানায় ধর্ষণের মামলা দায়ের করা হয়। মামলার পর থেকেই গ্রেপ্তার এড়াতে পলাতক ছিলেন মামুন।
গোপন তথ্যের ভিত্তিতে র্যাব-১৩ এর একটি দল ৯ মার্চ রাতে রংপুর শহরের লালবাগ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।
র্যাব-১৩র অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী বলেন, গ্রেপ্তার মামুনকে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য হাতীবান্ধা থানায় সোপর্দ করা হয়েছে।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন