ময়মনসিংহে পবিত্র রমজান উপলক্ষে স্বল্প আয়ের মানুষের জন্য সরকারিভাবে ভর্তুকি মূল্যে মাংস ও ডিম বিক্রি কার্যক্রম উদ্বোধন করেছেন সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ। এতে প্রতি কেজি গরুর মাংস ৬০০ টাকা এবং ১৪টি মুরগির ডিম ১০০ টাকায় বিক্রি করা হচ্ছে।
মঙ্গলবার (১০ মার্চ) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই কর্মসূচীর উদ্বোধন করেন এমপি আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ।
উচ্ছ্বসিত স্বল্প আয়ের মানুষরা সরকারের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে এ ধরনের কার্যক্রম রমজান মাসজুড়ে অব্যাহত রাখার দাবি জানান।
সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ বলেন, ‘জনগণের আর্থিক অস্বচ্ছলতা লাঘবে বর্তমান জনবান্ধব সরকার এই উদ্যোগ গ্রহণ করেছে। এতে স্বল্প আয়ের মানুষ উপকৃত হবে বলে আশা করছি।’
এ সময় জেলা প্রশাসক (ডিসি) মো. সাইফুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রেজা মো. গোলাম মাসুম প্রধান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ) উম্মে হাবিবা মীরা, প্রাণিসম্পদ বিভাগের বিভাগীয় পরিচালক মনোরঞ্জন ধর, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ওয়াহেদুল আলম এবং জেলা ডেইরি ফার্মার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মাহবুবুর রহমান উপস্থিত ছিলেন।
জানা যায়, উদ্বোধনী দিনে জেলা প্রশাসনের উদ্যোগে মোট ২০০ কেজি গরুর মাংস এবং ৫ হাজার পিস ডিম বিক্রি করা হয়। ঈদের আগের দিন পর্যন্ত এই কর্মসূচী চলবে। চাহিদা বৃদ্ধি পেলে দু’দিন পরপর ৫০০ থেকে ৬০০ কেজি মাংস বিক্রি করা হবে।



সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন