সরিষাবাড়ী উপজেলার এক অসাধু ব্যবসায়ীর ভাড়াটিয়া ঘর থেকে ৬৬ বস্তা সরকারি চাল জব্দ করেছে প্রশাসন ও পুলিশ।
বুধবার (১৮ মার্চ) বিকেলে উপজেলার ডোয়াইল ইউনিয়নের চাপারকোনা এলাকায় অভিযান চালিয়ে এসব চাল জব্দ করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) রিজা রিছিল।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, চাপারকোনা এলাকায় শ্রী রাজিব পালের ঘর ভাড়া নিয়ে সাকলায়েন মিয়া নামে এক ব্যবসায়ী দীর্ঘদিন ধরে চাল কেনাবেচা করে আসছিলেন। আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ইউনিয়ন পরিষদের মাধ্যমে উপকারভোগীদের মাঝে ১০ কেজি করে সরকারি চাল বিতরণ করা হয়। অভিযোগ রয়েছে, সাকলায়েন ওই উপকারভোগীদের কাছ থেকে চাল কিনে মজুদ করে রাখতেন।
গোপন সংবাদের ভিত্তিতে সহকারী কমিশনার (ভূমি) রিজা রিছিলের নেতৃত্বে সেখানে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ৫০ কেজি ওজনের ৬৬ বস্তা চাল এবং খাদ্য অধিদপ্তরের সিলযুক্ত বিপুল পরিমাণ খালি বস্তা উদ্ধার করা হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে সংশ্লিষ্ট ব্যবসায়ীরা পালিয়ে যান।
এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) রিজা রিছিল জানান, সরকারি চাল অবৈধভাবে মজুদ করার অভিযোগে অভিযান চালানো হয়েছে। উদ্ধার করা চাল সরিষাবাড়ী থানার হেফাজতে রাখা হয়েছে এবং এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন