খুলনা মহানগরীর লবণচরা এলাকায় বাড়িতে ঢুকে একই পরিবারের চার সদস্যকে গুলি করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১৯ মার্চ) সকালে লবণচরা থানাধীন খাদিজাবাগ কৃষ্ণনগর ঠিকরাবাদ এলাকায় এই চাঞ্চল্যকর হামলার ঘটনা ঘটে।
জানা গেছে, আহতদের মধ্যে দুই নারীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
আহতরা হলেন— কাজী আনিসুর রহমান, তার স্ত্রী রঞ্জুয়ারা বেগম, বড় ছেলে রাইছুল ইসলাম এবং ছোট ছেলে রাশিদুলের স্ত্রী ফাহিমা। স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হওয়ায় রঞ্জুয়ারা বেগম ও ফাহিমাকে ঢাকায় স্থানান্তর করা হয়।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, কাজী আনিসুরের ছোট ছেলে রাশিদুল মাদক নিয়ন্ত্রণ আইনের একটি মামলায় তিন বছর আগে কারাগারে থাকাকালীন ইমরান নামে এক ব্যক্তির সঙ্গে পরিচিত হন। সেই পরিচয়ের সুবাদে রাশিদুল ইমরানের বাড়িতে যাতায়াত করতেন। একপর্যায়ে ইমরানের স্ত্রী ফাহিমার সঙ্গে রাশিদুলের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।
ছয় মাস আগে ইমরান পুনরায় একটি মামলায় কারাগারে গেলে, এই সুযোগে রাশিদুল ও ফাহিমা বিয়ে করেন। কারাগার থেকে বের হয়ে এই খবর শুনে ক্ষুব্ধ হন ইমরান। প্রতিশোধ নেওয়ার সুযোগ খুঁজতে থাকেন। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার সকালে ইমরান ওই বাড়িতে ঢুকে এলোপাথাড়ি গুলি চালিয়ে পালিয়ে যান।
লবণচরা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তুহিনুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পরকীয়া ও বিয়েসংক্রান্ত বিরোধের জেরে এই হামলার ঘটনা ঘটেছে।
-20260319133737.webp)

