ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

পাবনায় পৃথক দুটি সংঘর্ষের ঘটনায় আটক ৩১

পাবনা প্রতিনিধি
প্রকাশিত: মার্চ ২৪, ২০২৬, ০২:০২ পিএম
ছবি : সংগৃহীত

পাবনার সুজানগরে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে এক গৃহবধূ নিহতের ঘটনায় ১২ জন এবং ঈশ্বরদীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনায় ১৯ জনকে আটক করেছে পুলিশ। তবে উভয় ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা দায়ের করা হয়নি।

গত সোমবার (২৩ মার্চ) সকালে সুজানগর উপজেলার ভিটবিলা পশ্চিমপাড়া গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে হাটখালী ইউনিয়নের রাফিউল ইসলাম রাজা গ্রুপ এবং ভিটবিলা গ্রামের ইসলাম খাঁ গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। 

এতে চায়না খাতুন নামে এক গৃহবধূ গুলিবিদ্ধ হয়ে নিহত হন। ঘটনার পর পুলিশ এলাকায় অভিযান চালিয়ে জড়িত সন্দেহে জিজ্ঞাসাবাদের জন্য ১২ জনকে আটক করে।

অন্যদিকে, ঈশ্বরদীতে জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব মেহেদী হাসানের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। 

সোমবার দুপুরে ঈশ্বরদী শহরের রেলগেট ও পোস্ট অফিস মোড়সহ আশপাশের এলাকায় এই সংঘর্ষ ছড়িয়ে পড়ে। সংঘর্ষ চলাকালে গোলাগুলি, অফিস ভাঙচুর ও মোটরসাইকেলে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। 

এতে পুলিশসহ উভয় পক্ষের অন্তত ৪০ জন আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ অভিযান চালিয়ে এ ঘটনায় জড়িত সন্দেহে ১৯ জনকে আটক করেছে বলে জানা যায়।