ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় এক বিশেষ অভিযানে ৭ জুয়াড়িকে আটক করেছে পুলিশ। সোমবার (২৩ মার্চ) দিবাগত রাত ১২টার দিকে উপজেলার মনোহরপুর ইউনিয়নের হেতামপুর গ্রামে এই অভিযান চালানো হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, শৈলকুপা থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবীর মোল্যার নেতৃত্বে পুলিশের একটি দল হেতামপুর গ্রামে অভিযান চালায়। এ সময় গ্রামের আসাদের চায়ের দোকানে জুয়া খেলা অবস্থায় ৭ জনকে হাতেনাতে আটক করা হয়।
অভিযানকালে আটককৃতদের কাছ থেকে নগদ ৮ হাজার ৯৪০ টাকা জব্দ করা হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে জুয়া আইনের ৩/৪ ধারায় মামলা দায়ের করা হয়েছে।
শৈলকুপা থানার ওসি জানান, হেতামপুর এলাকায় জুয়া খেলার সময় হাতেনাতে ৭ জনকে আটক করা হয়েছে। প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।
উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের মাদক ও জুয়াবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন