ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

বাসডুবির ঘটনায় এখন পর্যন্ত ২৭ জনের মরদেহ উদ্ধার

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: মার্চ ২৬, ২০২৬, ০২:০২ পিএম
দৌলতদিয়া ফেরিঘাটে মর্মান্তিক বাসডুবি। ছবি : সংগৃহীত

রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে মর্মান্তিক বাসডুবির ঘটনায় এখন পর্যন্ত ২৭ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃতদের মধ্যে ২৩ জনের পরিচয় শনাক্ত করে তাদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

উদ্ধারকারী দল বাসটি পানির নিচ থেকে শনাক্ত করে এবং এর ভেতর থেকে ২৪ জনের মরদেহ উদ্ধার করে। নিহতদের মধ্যে ৯ জন পুরুষ, ১১ জন নারী এবং পাঁচজন শিশু রয়েছে।

এ ছাড়া স্থানীয় লোকজন দুর্ঘটনার পরপরই উদ্ধার অভিযান চালিয়ে আরও দুজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

ঘটনার পরপরই উদ্ধার তৎপরতা জোরদার করা হয় এবং প্রশাসনের পক্ষ থেকে দুর্ঘটনার কারণ অনুসন্ধানে দুটি পৃথক তদন্ত কমিটি গঠন করা হয়েছে। একটি কমিটি রাজবাড়ী জেলা প্রশাসনের পক্ষ থেকে এবং অন্যটি নৌ মন্ত্রণালয়ের উদ্যোগে গঠিত হয়েছে। কমিটিগুলোকে আগামী তিন কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

এ ঘটনায় পদ্মা পাড়ে প্রিয়জনের মরদেহের অপেক্ষায় স্বজনদের ভিড় ক্রমেই বাড়ছে। তাদের আহাজারিতে ঘাট এলাকায় হৃদয়বিদারক পরিস্থিতি বিরাজ করছে।

একেকটি মরদেহ উদ্ধার হচ্ছিল আর আহাজারি করে স্বজনরা শনাক্ত করতে এগিয়ে আসছিলেন।

রাজবাড়ী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপপরিচালক দেওয়ান সোহেল রানা বলেন, ‘ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিটের ১৫ জন ডুবুরি উদ্ধার অভিযানে কাজ করছেন। সঙ্গে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কাজ করছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সাথী দাস বলেন, ‘উদ্ধার হওয়া ২৬টি লাশের মধ্যে ২৩টি ইতোমধ্যে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। অপর তিনটি লাশ হস্তান্তরের প্রক্রিয়া চলমান। আমরা ঘটনাস্থলে রয়েছি।’

এদিকে, বিআইডব্লিউটিএর কর্মকর্তারা বারবার হ্যান্ড মাইকে বলছেন, কারো স্বজন নিখোঁজ থাকলে তাদের সঙ্গে যোগাযোগ করতে।

দৌলতদিয়া ফেরিঘাটে দায়িত্বপ্রাপ্ত পরিবহনের ঘাট তত্ত্বাবধায়ক মো. মনির হোসেন বলেন, ‌‘বিকেল ৫টার কিছু পর সৌহার্দ্য পরিবহনের যাত্রীবাহী বাসটি দৌলতদিয়ার ৩ নম্বর ঘাটে আসে। সে সময় ঘাটে থাকা একটি ফেরি যানবাহন নিয়ে মানিকগঞ্জের পাটুরিয়ার উদ্দেশে ছেড়ে যায়। অল্পের জন্য তাতে উঠতে না পারায় অপর ফেরির জন্য বাসটি অপেক্ষা করছিল। সোয়া ৫টার দিকে ওই ঘাটে হাসনা হেনা নামে একটি ইউটিলিটি (ছোট) ফেরি এসে সজোরে পন্টুনে আঘাত করে। ফেরির ধাক্কায় নিয়ন্ত্রণ করতে না পেরে বাসটি পদ্মা নদীতে পড়ে যায়।’