রাজবাড়ীর দৌলতদিয়ায় ঘাটে ফেরিতে উঠতে গিয়ে বাস নদীতে পড়ে ডুবে যাওয়ার ঘটনায় কুষ্টিয়ার চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে তিনজনের দাফন সম্পন্ন হয়েছে।
নিহতরা হলেন—কুষ্টিয়া পৌরসভার মজমপুর গ্রামের মো. আবু বক্কর সিদ্দিকের স্ত্রী মর্জিনা খাতুন (৫৬), খোকসা উপজেলার খাগড়বাড়িয়া গ্রামের হিমাংশু বিশ্বাসের ছেলে রাজীব বিশ্বাস (২৮), একই উপজেলার ধুশুন্ডু গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে ইস্রাফিল (৩) এবং সমসপুর গ্রামের গিয়াসউদ্দিন রিপনের মেয়ে আয়েশা সিদ্দিকা (১৩)।
তাদের মধ্যে সদর উপজেলার জুগিয়া গ্রামে মর্জিনা খাতুনের দাফন সম্পন্ন হয়েছে। সকাল সাড়ে ১০টায় জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। রাতেই তার মরদেহ কুষ্টিয়ায় পৌঁছায়। খোকসা উপজেলার নিহত রাজীব বিশ্বাস ও শিশু ইস্রাফিলের দাফনও সম্পন্ন হয়েছে।
নিহতদের বাড়িতে চলছে শোকের মাতম। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পুরো এলাকা।
এর আগে বুধবার (২৫ মার্চ) দুপুর আড়াইটার দিকে কুষ্টিয়ার কুমারখালী পৌর বাস টার্মিনাল থেকে শিশুসহ ৮ জন যাত্রী নিয়ে বাসটি ছেড়ে যায়। পরে বিকেল সাড়ে ৫টার দিকে দৌলতদিয়ায় ফেরিতে উঠতে গিয়ে প্রায় ৪৫ যাত্রী নিয়ে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে পড়ে যায়।
এ ঘটনায় এখন পর্যন্ত ২৭ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে ১১ জন নারী, ৮ জন শিশু ও ৮ জন পুরুষ রয়েছেন বলে জানা গেছে। জীবিত উদ্ধার হয়েছেন ৮ জন।

-20260326141719.webp)
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন