গাজীপুরের কালিয়াকৈরে অবৈধভাবে ৩ হাজার লিটার ডিজেল মজুত রাখার অপরাধে আবুল হোসেন নামে এক তেল ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহিম শাহরিয়ার।
রোববার (২৯ মার্চ) রাত সাড়ে ১২টায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের শ্রীফলতলী বাইপাস এলাকায় মেসার্স এমএস ফিলিং স্টেশন সংলগ্ন বাবর আলী মার্কেটে আবুল হোসেনের দোকানে এ অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত।
দণ্ডপ্রাপ্ত আবুল হোসেন (৬৫) উপজেলার শ্রীফলতলী এলাকার বাসিন্দা।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহিম শাহরিয়ার জানান, রোববার রাত সাড়ে ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জ্বালানি তেল অবৈধভাবে মজুত করা হয়েছে এমন খবর পেয়ে অভিযান পরিচালনা করা হয়। এ সময় বিপুল পরিমাণ ডিজেল মজুতের সত্যতা পাওয়ায় যায়। ফলে এক ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময় জব্দকৃত তেল ন্যায্যমূল্যে বিক্রি করার নির্দেশ দেওয়া হয়। বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি ও অবৈধ মজুত রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন