চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলা পরিষদ চত্বরে ফুয়েল কার্ড নিতে এসে বখতিয়ার হোসেন (৫৫) নামে এক ব্যক্তি মারা গেছেন।
মঙ্গলবার (৩১ মার্চ) সকালে উপজেলা পরিষদ চত্বরে ফুয়েল কার্ডের জন্য লাইনে দাঁড়িয়ে থাকা অবস্থায় তীব্র গরমে অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে তাকে আলমডাঙ্গা শহরের ফাতেমা ক্লিনিকে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত বখতিয়ার হোসেন আলমডাঙ্গা উপজেলার ভেদামারী গ্রামের হাজী মো. রফি উদ্দিন মোল্লার ছেলে। তার মরদেহ দাফনের জন্য নিজ গ্রাম ভেদামারীতে নেওয়া হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকাল থেকেই ফুয়েল কার্ড সংগ্রহ করতে উপজেলা চত্বরে মানুষের উপচে পড়া ভিড় ছিল। ওই ভিড়ের মধ্যেই হঠাৎ অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন বখতিয়ার।
পরে তাকে দ্রুত একটি ক্লিনিকে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এ বিষয়ে আলমডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা পান্না আক্তার জানান, মৃত ব্যক্তি আগে থেকেই অসুস্থ ছিলেন। উপজেলা চত্বরে প্রচণ্ড ভিড় ও গরমের কারণে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে ক্লিনিকে নেওয়া হলে সেখানে স্ট্রোক করে তার মৃত্যু হয়।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন