গাজীপুরের পুবাইলে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও প্রশাসনের যৌথ অভিযানে একটি ফিলিং স্টেশন থেকে অবৈধভাবে মজুতকৃত বিপুল পরিমাণ ডিজেল উদ্ধার করা হয়েছে।
বুধবার (১ এপ্রিল) দুপুর আনুমানিক ১২টা ১০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির গাজীপুর ব্যাটালিয়ন (৬৩ বিজিবি)-এর একটি আভিযানিক দল নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে পুবাইল এলাকার ‘মেসার্স তুরাগ ফিলিং স্টেশন’-এ বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে ফিলিং স্টেশনটিতে অবৈধভাবে মজুত রাখা ৮৫১ লিটার ডিজেল জব্দ করা হয়।
এ সময় দায়িত্বরত নির্বাহী ম্যাজিস্ট্রেট অবৈধভাবে জ্বালানি তেল মজুত রাখার অপরাধে প্রতিষ্ঠানটিকে ৬০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।
এ বিষয়ে গাজীপুর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. মাসুদ আল ফেরদৌস জানান, দেশের জ্বালানি খাতের নিরাপত্তা নিশ্চিত করা এবং অবৈধ মজুত ও পাচার রোধে বিজিবি সর্বদা তৎপর রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন