তদন্ত কার্যক্রমে গাফিলতি ও দীর্ঘসূত্রিতা রোধে কঠোর নির্দেশনা দিয়েছেন জামালপুরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. শরীফুল হক। একই সঙ্গে মামলার তদন্ত থেকে বিচার পর্যন্ত সমন্বিত উদ্যোগের মাধ্যমে ন্যায়বিচার নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
শনিবার (৪ এপ্রিল) দুপুরে জামালপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সভাকক্ষে অনুযায়ী আয়োজিত পুলিশ–ম্যাজিস্ট্রেসি কনফারেন্সে এসব দিকনির্দেশনা প্রদান করা হয়। কনফারেন্সে তদন্তের ত্রুটি এড়াতে কার্যকর পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।
পাশাপাশি মেডিকেল সার্টিফিকেটে দায়িত্বপ্রাপ্ত চিকিৎসকদের মোবাইল নম্বর সংযুক্ত করার সুপারিশ এবং অনলাইনে সাক্ষ্য গ্রহণ কার্যক্রমে সর্বোচ্চ সহযোগিতা প্রদানের নির্দেশ দেওয়া হয়।
সভায় ভূমি অপরাধ প্রতিরোধ আইনের আওতাধীন মামলাগুলোর পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন দ্রুত দাখিল এবং সাত দিনের মধ্যে মেডিকেল সার্টিফিকেট (এমসি) প্রদান নিশ্চিত করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়।
জেলা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. শরীফুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্সে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, লিগ্যাল এইড অফিসার, জেলা জজ আদালতের প্রতিনিধি, পুলিশ সুপার, সিভিল সার্জন।
৩৫ বিজিবি ব্যাটালিয়নের প্রতিনিধি, ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালের সহকারী পরিচালক, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী, বিভিন্ন থানার অফিসার ইনচার্জ, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা, জেলা আইনজীবী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক, পিপি ও এপিপিসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা। কনফারেন্সে উপস্থাপনা করেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রোমানা আক্তার।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন