চাঁদপুরের ফরিদগঞ্জে দুই সন্তানের জননীকে (২৮) দলবদ্ধ ধর্ষণের অভিযুক্ত প্রধান আসামি মো. আকরাম হোসেন (৩০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (৫ এপ্রিল) রাতে উপজেলার বিরামপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে পুলিশ পরিদর্শক (তদন্ত) এমদাদুল হকের সঙ্গীয় ফোর্স।
গ্রেপ্তারকৃত আকরাম পূর্ব লাড়ুয়া গ্রামের মো. শাহজাহানের ছেলে।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত বুধবার (১ এপ্রিল) বিকেলে ওই গৃহবধূ স্বামীর বাড়ি থেকে বাবার বাড়ির উদ্দেশ্যে রওনা হন। পথিমধ্যে আকরাম হোসেনসহ একদল দুর্বৃত্ত তার মুখ চেপে ধরে সড়কের পাশের একটি সুপারি বাগানে নিয়ে যায়। সেখানে তাকে দলবদ্ধভাবে পালাক্রমে ধর্ষণ করা হয়।
প্রথমে ভুক্তভোগী চিৎকার করলেও একপর্যায়ে তিনি অচেতন হয়ে পড়েন। পরে স্থানীয়রা বিষয়টি টের পেয়ে ঘটনাস্থলে ছুটে এলে অভিযুক্তরা পালিয়ে যায়। স্থানীয়দের সহায়তায় অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।
পরবর্তীতে সুস্থ হয়ে ওই গৃহবধূ নিজেই থানায় এসে লিখিত অভিযোগ দায়ের করেন।
ফরিদগঞ্জ থানার ওসি মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ার পর মামলা রুজু করা হয়েছে। প্রধান আসামি আকরাম হোসেনকে গ্রেপ্তার করে সোমবার (৬ এপ্রিল) আদালতে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন