স্বাধীনতার পর থেকে বিদ্যমান রাষ্ট্র কাঠামোর মধ্যেই দলীয়করণের প্রবণতা তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। তিনি বলেন, এই রাষ্ট্র কাঠামোতে যারা এমপি, মন্ত্রী, বিচারক কিংবা রাষ্ট্রপতি হন, তারা শেষ পর্যন্ত দলীয়করণের প্রভাব থেকে বের হতে পারেন না; বরং দলবাজ হয়ে যান।
শুক্রবার (১০ এপ্রিল) দুপুরে গাজীপুরের টঙ্গীর তামিরুল মিল্লাত মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত জামায়াতে ইসলামীর টঙ্গী পূর্ব ও পশ্চিম থানার কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার আরও বলেন, দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে শাসনব্যবস্থা নানা সংকটের মুখে পড়েছে। নির্বাচনের মাধ্যমে সরকার গঠন করলেও বিএনপি সংসদীয় কার্যক্রম ও রাজনীতির উভয় ক্ষেত্রেই সংকট সৃষ্টি করেছে বলে অভিযোগ করেন তিনি। তার ভাষায়, সরকার দলীয়করণ, কর্তৃত্ববাদ ও ফ্যাসিবাদের দিকে ধাবিত হচ্ছে, যা গণতান্ত্রিক মূল্যবোধের জন্য হুমকিস্বরূপ।
তিনি নেতাকর্মীদের উদ্দেশে বলেন, দেশের রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তনে আদর্শিক ও নৈতিক রাজনীতির চর্চা বাড়াতে হবে। একই সঙ্গে জনগণের অধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
কর্মী সম্মেলনে টঙ্গী পূর্ব ও পশ্চিম থানার বিভিন্ন ইউনিট থেকে আগত জামায়াতে ইসলামীর বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। সভায় সংগঠনের সাংগঠনিক কার্যক্রম জোরদার, তৃণমূল পর্যায়ে দাওয়াতি কার্যক্রম বিস্তার এবং ভবিষ্যৎ রাজনৈতিক কর্মপন্থা নিয়ে দিকনির্দেশনামূলক আলোচনা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন