লালমনিরহাট-২ আসনের এমপি রোকন উদ্দিন বাবুল বলেন, এখন মানুষ তিন বেলাই ভাত খায়। ভিক্ষুক খুঁজে পাওয়া যায় না। মিলাদ দিলে খুঁজে খুঁজে ভিক্ষুকদের কন্টাক্ট করতে হয়। দেশে মুন্সির চেয়ে ভিক্ষুকের অভাব বেশি। মুন্সি অ্যাভেইলেবল, ভিক্ষুক খুঁজতে হয়।
রোববার (১২ এপ্রিল) সকালে নিজ নির্বাচনি আসনের কালীগঞ্জ উপজেলার গোড়ল চৌপতি এলাকার ‘নৌকার মোড়’ নামক স্থানে রাস্তা পাকা করার কাজ উদ্বোধনের সময় এক পথসভায় এসব কথা বলেন তিনি।
এলাকার নাম ‘নৌকার মোড়’ রাখার বিষয়ে তিনি বলেন, নৌকা ভাগ্যের উন্নয়ন ঘটাতে পারেনি, তবুও নাম রাখা হয়েছে নৌকার মোড়। ধানের শীষ আপনাদের স্বপ্নপূরণে রাস্তা পাকা করছে, তাই আজ থেকে এ মোড়ের নাম হবে ‘ধানের শীষ মোড়’। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে তিনি দোয়া চান।
এমপি রোকন উদ্দিন বাবুল বলেন, ‘বিগত সময়ে ভোট ছাড়াই এমপি হওয়ায় আওয়ামী লীগের এমপিদের কোনো জবাবদিহিতা ছিল না। জনগণ আমাদের ভোটের মাধ্যমে নির্বাচিত করেছেন।’
গ্রামীণ জনপদের উন্নয়নে সড়ক, ব্রিজ, কালভার্ট নির্মাণ করা প্রয়োজন। আমরা সে কাজ শুরু করেছি। আজ সে যাত্রা শুরু হলো। আমরা নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে কাজ শুরু করেছি। কৃষিপ্রধান দেশে কৃষক বাঁচলে দেশ বাঁচবে। কৃষকেরা যাতে খুব সহজে উৎপাদিত পণ্য পরিবহন করতে পারেন, সে ব্যবস্থা করা হবে।
কালীগঞ্জ উপজেলায় ১৩ কোটি টাকা ব্যয়ে ১৪ কিলোমিটার দীর্ঘ ছয়টি সড়ক নির্মাণকাজ উদ্বোধন করেন এমপি রোকন উদ্দিন বাবুল। এ সময় তার সঙ্গে ছিলেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীমা আক্তার জাহান, উপজেলা প্রকৌশলী হাবিবুর রহমান ও বিএনপির স্থানীয় নেতাকর্মীরা।
-20260412165720.webp)


