প্রাতিষ্ঠানিক শিক্ষাজীবন অষ্টম শ্রেণিতেই থেমে গেলেও থেমে থাকেনি তার স্বপ্ন। নিজ প্রচেষ্টা, আগ্রহ এবং প্রযুক্তির প্রতি ভালোবাসা কাজে লাগিয়ে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের এক তরুণ তৈরি করেছেন মোবাইল অ্যাপ, যা সমাজে ইতিবাচক পরিবর্তনের সম্ভাবনা জাগিয়েছে।
উপজেলার পশ্চিম ইউনিয়নের নরসিংহপুর গ্রামের বাসিন্দা আব্দুল কাইয়ুম মিয়ার ছেলে শুভ। স্থানীয় প্রাথমিক বিদ্যালয় থেকে পঞ্চম শ্রেণি পাস করার পর নবীনগর পাইলট উচ্চ বিদ্যালয়ে অষ্টম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেন তিনি। তবে পারিবারিক সমস্যার কারণে তার প্রাতিষ্ঠানিক শিক্ষা সেখানেই থেমে যায়। কিন্তু প্রযুক্তির প্রতি তার আগ্রহ তাকে থামিয়ে রাখতে পারেনি।
শুভ জানান, ছোটবেলা থেকেই সফটওয়্যার তৈরির প্রতি তার আগ্রহ ছিল। স্মার্টফোন হাতে পাওয়ার পর প্রথমদিকে গেমসে আসক্ত হয়ে পড়েন। পরে গেমসের বিভিন্ন সংস্করণ নিয়ে কাজ করতে গিয়ে অ্যাপ ডেভেলপমেন্টে আগ্রহ তৈরি হয়। বিশেষ করে করোনাকালীন সময়ে তিনি নিজ উদ্যোগে শেখার মাধ্যমে অ্যাপ তৈরির কাজ শুরু করেন।
এরই ধারাবাহিকতায় তিনি ‘তরুণ হিরো (Porn Blocker Toron Hero)’ নামে একটি অ্যাপ তৈরি করেছেন, যা ইতোমধ্যে গুগল প্লে স্টোরে প্রকাশ করা হয়েছে। অ্যাপটি মোবাইল আসক্তি কমানো এবং পর্নোগ্রাফি ব্যবহারে নিয়ন্ত্রণ আনতে সহায়ক হিসেবে কাজ করবে বলে দাবি তার।
শুভ আরও জানান, বর্তমানে ‘Kids Launcher’ নামে আরেকটি অ্যাপ তৈরির কাজ চলছে। এটি সম্পন্ন হলে শিশুদের মোবাইল ব্যবহারে নিয়ন্ত্রণ আনা সহজ হবে এবং অপ্রয়োজনীয় বা অনুপযুক্ত অ্যাপ ব্যবহারে সীমাবদ্ধতা তৈরি করা সম্ভব হবে।
এ বিষয়ে নবীনগর প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ হোসেন শান্তি বলেন, প্রাতিষ্ঠানিক শিক্ষা সীমিত হলেও শুভর এই উদ্যোগ তরুণ সমাজের জন্য অনুপ্রেরণার উদাহরণ। প্রযুক্তিকে ইতিবাচক কাজে ব্যবহার করে সমাজে পরিবর্তন আনার এমন প্রচেষ্টা সত্যিই প্রশংসার দাবিদার।
স্থানীয়রা মনে করছেন, সঠিক দিকনির্দেশনা ও পৃষ্ঠপোষকতা পেলে শুভর মতো তরুণরা ভবিষ্যতে দেশের প্রযুক্তিখাতে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবেন।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন