বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার তালোড়া পৌর এলাকার মন্ডলপাড়ায় পারিবারিক বিরোধের জেরে ফুপাতো ভাইয়ের কাচের বোতলের আঘাতে মামাতো ভাই নিহত হয়েছেন। শুক্রবার (১৭ এপ্রিল) রাতে এ ঘটনা ঘটে।
নিহত রূপক মিয়া (৩৫) ওই এলাকার আমানত হোসেনের ছেলে। অভিযুক্ত সম্রাট (২৬) একই এলাকার ইলিয়াছ হোসেনের ছেলে এবং মানসিক সমস্যায় ভুগছিলেন বলে পরিবার সূত্রে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সম্রাট প্রায়ই বাড়িতে অস্বাভাবিক আচরণ করতেন। ঘটনার দিন রাত ৮টার দিকে তিনি আবারও অস্বাভাবিক আচরণ শুরু করলে বিষয়টি রূপক মিয়াকে জানানো হয়। তিনি সম্রাটকে শান্ত করতে তার বাড়িতে গেলে কথা কাটাকাটির একপর্যায়ে সম্রাট কাচের বোতল দিয়ে রূপকের মাথা ও মুখমণ্ডলে আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন।
রূপকের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে প্রথমে দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার (১৮ এপ্রিল) দুপুরে তার মৃত্যু হয়।
দুপচাঁচিয়া থানার ওসি তাজমিলুর রহমান বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় নিহতের স্ত্রী আরিফা জাহান বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। পুলিশ অভিযুক্ত সম্রাটকে গ্রেপ্তার করেছে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন