ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

নবম পে-স্কেলের চূড়ান্ত গেজেট প্রকাশের দাবিতে মানিকগঞ্জে সমাবেশ

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: এপ্রিল ২৭, ২০২৬, ০৬:৪৯ পিএম
ছবি : সংগৃহীত

নবম পে-স্কেলের চূড়ান্ত সুপারিশ প্রদান এবং দ্রুত গেজেট প্রকাশের দাবিতে মানিকগঞ্জে জেলা সরকারি কর্মচারী কল্যাণ সমিতির উদ্যোগে সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৪ এপ্রিল) জেলার মা ও শিশু কল্যাণ কেন্দ্রে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্যে সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতির কেন্দ্রীয় আহ্বায়ক আবদুল মালেক বলেন, সরকারকে সহযোগিতা করে রাষ্ট্রের উন্নয়নে সরকারি কর্মচারীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। প্রায় ২২ লাখ সরকারি চাকরিজীবী রাষ্ট্রের সেবা কার্যক্রমে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে অবদান রাখলেও দীর্ঘ ১১ বছর ধরে বেতন কাঠামোর পুনর্বিন্যাস হয়নি। পদোন্নতি ও টাইম স্কেলসংক্রান্ত সুযোগ-সুবিধা সংকুচিত হওয়ায় কর্মচারীরা আর্থিকভাবে চরম সংকটে পড়েছেন।

তিনি আরও বলেন, বর্তমান দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে শিক্ষা, চিকিৎসা, বাসাভাড়া, গ্যাস, বিদ্যুৎ ও পানির ব্যয় বহন করা কঠিন হয়ে পড়েছে। নতুন পুনর্গঠিত সচিব কমিটির কাছে তিনি অনুরোধ জানান, ২২ লাখ পরিবারের দুরবস্থার কথা বিবেচনা করে দ্রুত চূড়ান্ত সুপারিশ সরকারের কাছে জমা দিতে।

অনুষ্ঠানের প্রধান বক্তা হিসেবে সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতির কেন্দ্রীয় সদস্যসচিব আশিকুল ইসলাম বলেন, আগামী বাজেটে পে-স্কেল বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় বরাদ্দ নিশ্চিত না হলে সরকারি কর্মচারীরা ঋণের চাপে আরও বিপর্যস্ত হয়ে পড়বেন। তিনি দ্রুত নবম পে-স্কেলের গেজেট প্রকাশ ও বাস্তবায়নের জোর দাবি জানান।