আগামী ২ মে প্রধানমন্ত্রী তারেক রহমানের সিলেট সফরকে ঘিরে পুরো জেলায় ব্যাপক প্রস্তুতি চলছে। এ সফরকে কেন্দ্র করে সিলেটবাসী উষ্ণ অভ্যর্থনার জন্য প্রস্তুত বলে জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ্ সিদ্দিকী।
বুধবার (২৯ এপ্রিল) প্রধানমন্ত্রীর সফরের মূল অনুষ্ঠানস্থল সিলেট জেলা স্টেডিয়াম পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
মিফতাহ্ সিদ্দিকী বলেন, সিলেটবাসী সবসময়ই জাতীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বদের আগমনে উষ্ণ অভ্যর্থনা জানিয়ে এসেছে। মাননীয় প্রধানমন্ত্রী সিলেটের জামাতা হওয়ায় এ সফরকে ঘিরে জনগণের মধ্যে বাড়তি আগ্রহ ও উৎসাহ বিরাজ করছে।
ইতোমধ্যে জেলা স্টেডিয়ামসহ সফরের বিভিন্ন স্থান প্রস্তুত করা হচ্ছে। সফরকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষা, ট্রাফিক ব্যবস্থাপনা ও সার্বিক প্রস্তুতি গ্রহণে সংশ্লিষ্টরা কাজ করছেন।
তিনি আরও বলেন, ‘আমরা বিশ্বাস করি, প্রধানমন্ত্রীর এই সফর সিলেটের উন্নয়ন ও অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’
তিনি জানান, ২ মে প্রধানমন্ত্রীর সিলেট সফরকে ঘিরে পুরো সিলেটবাসী প্রস্তুত রয়েছে। সফরসূচির মধ্যে রয়েছে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন, জেলা স্টেডিয়ামে নতুন কুঁড়ির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভাষণ প্রদান এবং স্থানীয় প্রশাসন ও গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে মতবিনিময়।
সিলেটের অবকাঠামো উন্নয়ন, যোগাযোগ ব্যবস্থা, শিক্ষা ও স্বাস্থ্যখাতে অগ্রগতি এবং চলমান উন্নয়ন প্রকল্পগুলো এই সফরের মাধ্যমে নতুন গতি পাবে বলে তিনি আশা প্রকাশ করেন তিনি।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন