ময়মনসিংহের ভালুকায় ব্যাটারিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে শিহাব মিয়া (২১) নামে এক গার্মেন্টস শ্রমিক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার ভালুকা-গফরগাঁও সড়কের বিরুনীয়া ইউনিয়নের গোয়ারী মুক্তিরবাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত শিহাব মিয়া উপজেলার গোয়ারী গ্রামের আলম মিয়ার ছেলে। তিনি ভালুকা উপজেলার কাঠালী এলাকায় বাটারফ্লাই কারখানায় জুনিয়র টেকনিশিয়ান পদে কর্মরত ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শিহাব মিয়া ঘটনার দিন সকালে বাড়ি থেকে মোটরসাইকেলযোগে ভালুকার কাঠালী এলাকায় কর্মস্থলে যাচ্ছিলেন। পথিমধ্যে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই শিহাব মিয়া নিহত হন।
ভালুকা মডেল থানার এসআই মো. রফিকুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ নিহতের স্বজনরা বাড়িতে নিয়ে গেছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন