নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পাচারকালে একটি বিলুপ্তপ্রায় তক্ষকসহ দুই পাচারকারীকে আটক করেছে পুলিশ। রোববার (৩ মে) বিকেল ৫টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পিরোজপুর ইউনিয়নের মেঘনা টোল প্লাজা সংলগ্ন চেকপোস্ট এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- রংপুর জেলার তারাগঞ্জ থানার খাইরিয়াল খুটির এলাকার ইসমাঈল হোসেনের ছেলে মো. খায়রুল ইসলাম (৪৬) এবং কুমিল্লা জেলার সদর দক্ষিণ থানার বড়ধনপুর এলাকার সিদ্দিক মিয়ার স্ত্রী তানজিনা (৩৫)।
জানা যায়, চট্টগ্রাম জেলার লালমাই পাহাড় থেকে একটি তক্ষক বাসে করে ঢাকা পাচার করা হচ্ছিল এমন গোপন তথ্যের ভিত্তিতে মহাসড়কের চেকপোস্টে তল্লাশি চালায় সোনারগাঁ থানা পুলিশ। অভিযানে একটি জীবিত তক্ষক উদ্ধারসহ ঘটনার সঙ্গে জড়িত দুইজনকে আটক করা হয়।
সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ আল জিনাতের নির্দেশনায় দ্রুত ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌফিকুর রহমান।
আদালত বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন ২০২৬-এর ১০ ও ৪৪(১) ধারা অনুযায়ী অপরাধীদের দোষী সাব্যস্ত করে ৫ হাজার টাকা জরিমানা করেন।
অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌফিকুর রহমান বলেন, পাচারকারী চক্রটি দুর্লভ এই প্রাণীটি পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল। তথ্যের সত্যতা পাওয়ায় আমরা তাৎক্ষণিক অভিযান চালিয়ে প্রাণীটি উদ্ধার করি এবং জড়িতদের আইনের আওতায় আনি। বন্যপ্রাণী রক্ষায় আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
উদ্ধারকৃত তক্ষকটি পরবর্তী আইনানুগ ব্যবস্থা ও প্রাকৃতিক পরিবেশে অবমুক্ত করার লক্ষ্যে সোনারগাঁ জোনের বন বিভাগের কর্মকর্তাদের নিকট হস্তান্তর করা হয়েছে। অভিযানকালে এসআই আরিফসহ সোনারগাঁ থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন