গাজীপুরে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দুই শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে। রোববার সন্ধ্যায় শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।
সোমবার (৪ মে) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের পরিচালক ডা. মো. আমিনুল ইসলাম।
মৃত শিশুরা হলো- গাজীপুর মহানগরের বাসন থানাধীন চৌরাস্তা এলাকার জাকির হোসেনের ৯ মাস বয়সি ছেলে রাইয়ান এবং শ্রীপুর উপজেলার মাওনা এলাকার খোকন মিয়ার ৫ মাস বয়সি ছেলে সিফাত।
হাসপাতাল সূত্রে জানা যায়, সম্প্রতি হামের উপসর্গ নিয়ে আক্রান্ত শিশুর সংখ্যা আশঙ্কাজনক হারে বেড়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ২১ জন শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। একই সময়ে চিকিৎসা শেষে ছাড়পত্র পেয়েছে ১৬ জন এবং মারা গেছে দুজন। বর্তমানে হাসপাতালটিতে মোট ৪৭ জন শিশু চিকিৎসাধীন।
হাসপাতালের পরিচালক ডা. মো. আমিনুল ইসলাম জানান, হামে আক্রান্ত শিশুদের জন্য বিশেষ আইসোলেশন ওয়ার্ড চালু করা হয়েছে। তবে রোগীর চাপ এতটাই বেশি যে নির্ধারিত শয্যার তুলনায় প্রায় তিনগুণ রোগী চিকিৎসা নিচ্ছে। ফলে বাধ্য হয়ে বারান্দাসহ বিভিন্ন স্থানে রোগীদের চিকিৎসা দিতে হচ্ছে।
এদিকে রোগীদের স্বজনরা অভিযোগ করেছেন, হাসপাতালে পর্যাপ্ত শয্যা ও নবজাতকদের জন্য প্রয়োজনীয় এনআইসিইউ সুবিধা নেই। বারান্দায় চিকিৎসা দেওয়ার কারণে সংক্রমণের ঝুঁকি আরও বেড়ে যাচ্ছে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তারা।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, হামের মতো সংক্রামক রোগ প্রতিরোধে শিশুদের সময়মতো টিকা প্রদান অত্যন্ত জরুরি। পাশাপাশি আক্রান্তদের দ্রুত শনাক্ত করে আলাদা চিকিৎসার ব্যবস্থা নিশ্চিত করতে হবে, না হলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে।
স্থানীয় স্বাস্থ্য বিভাগ পরিস্থিতি নিয়ন্ত্রণে নজরদারি জোরদার করেছে বলে জানা গেছে। তবে দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে আক্রান্তের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।



সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন