ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৫ মে) সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মোহাম্মদ মাইনউদ্দিন খান বলেন, মারা যাওয়া সাত মাস বয়সি মেয়ে শিশু টাঙ্গাইল জেলার মধুপুর উপজেলার বাসিন্দা।
গত ৩০ এপ্রিল বিকেলে হামের উপসর্গ নিয়ে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। গতকাল সোমবার দুপুরে তার মৃত্যু হয়। এতে এ পর্যন্ত হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মোট ২৫ শিশুর মৃত্যু হয়েছে।
তিনি আরও বলেন, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৯ শিশু ভর্তি হয়েছে। সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ২১ শিশু। বর্তমানে চিকিৎসাধীন ৭৯ শিশু।
হাসপাতাল সূত্র জানায়, গত ১৭ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট ১ হাজার ৮৮ শিশু ভর্তি হয়েছে। এর মধ্যে ৯৮৪ শিশু চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন