গাজীপুরে পরিকল্পনাবহির্ভূত নগরায়ণ রোধ ও অবৈধ স্থাপনা নির্মাণ ঠেকাতে অভিযান জোরদার করেছে গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ (গাউক)।
বুধবার (৬ মে) দুপুরে জয়দেবপুরের ভুরুলিয়া এলাকায় পরিচালিত অভিযানে অনুমোদনহীন ও ভুয়া নকশায় নির্মিত একাধিক ভবনের বিষয়ে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়েছে।
গাউকের সচিব মেহেদী হাসানের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে অংশ নেন অথরাইজড অফিসার জান্নাতুল নাইমা, ইন্সপেক্টর মুরাদ আলী খানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
অভিযান চলাকালে ভুয়া ও নকশাবহির্ভূতভাবে নির্মিত একাধিক ভবন চিহ্নিত করা হয়। এ সময় দুটি ভবনের তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয় এবং নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি সংশ্লিষ্ট মালিকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানায় কর্তৃপক্ষ।
গাউকের সচিব মেহেদী হাসান বলেন, ‘অবৈধভাবে গড়ে ওঠা স্থাপনা শুধু নগর পরিকল্পনাকে ব্যাহত করে না, বরং জননিরাপত্তার জন্যও বড় ঝুঁকি তৈরি করে। তাই এ ধরনের অনিয়মের বিরুদ্ধে আমাদের অবস্থান জিরো টলারেন্স।’
তিনি আরও বলেন, ‘গাজীপুরে সুশৃঙ্খল নগরায়ণ নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে এবং ভবিষ্যতেও আরও কঠোরভাবে কার্যক্রম চালানো হবে।’
স্থানীয়দের মতে, দীর্ঘদিন ধরে কিছু অসাধু নির্মাণকারী গোষ্ঠী নিয়ম না মেনে ভবন নির্মাণ করে আসছিল। গাউকের এ অভিযানকে তারা ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখছেন এবং নিয়মিত নজরদারি অব্যাহত রাখার দাবি জানিয়েছেন।
গাজীপুরে দ্রুত বর্ধনশীল নগরায়ণের প্রেক্ষাপটে এ ধরনের অভিযানকে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন নগর পরিকল্পনাবিদরাও। তাদের মতে, পরিকল্পিত উন্নয়ন নিশ্চিত করতে আইন প্রয়োগের পাশাপাশি জনসচেতনতা বাড়ানোও জরুরি।



সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন