বাংলাদেশে শ্রমপরিবেশ উন্নয়ন, সামাজিক ন্যায়বিচার এবং শ্রমিকের অধিকার নিশ্চিত করতে সরকার নতুন যাত্রা শুরু করেছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
রোববার (১৯ জুলাই) ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) মহাপরিচালক গিলবার্ট এফ. হুংবোর সঙ্গে বৈঠককালে তিনি এ কথা বলেন। দুই দিনের বাংলাদেশ সফরের অংশ হিসেবে আইএলও মহাপরিচালক এ বৈঠকে অংশ নেন।
বৈঠকে শামা ওবায়েদ বলেন, সরকার শ্রমখাত সংস্কারের মাধ্যমে শোভন কর্মপরিবেশ, সামাজিক ন্যায়বিচার এবং শ্রমিকের অধিকার প্রতিষ্ঠায় অঙ্গীকারবদ্ধ। তিনি বলেন, নির্বাচনি ইশতেহারে গণতন্ত্র, মানবাধিকার ও শ্রমিকের অধিকার সুরক্ষায় যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, তা বাস্তবায়নে সরকার কাজ করে যাচ্ছে।
তিনি শ্রম প্রশাসন আরও শক্তিশালী করা, অভিবাসী শ্রমিকদের সুরক্ষা নিশ্চিত করা এবং বাংলাদেশ থেকে নিরাপদ, নিয়মিত ও দক্ষ শ্রম অভিবাসন সহজতর করতে আইএলওর অব্যাহত সহযোগিতা ও গঠনমূলক সম্পৃক্ততা কামনা করেন।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী আশা প্রকাশ করেন, শ্রমখাতে বাংলাদেশের উল্লেখযোগ্য অগ্রগতি আসন্ন আইএলও গভর্নিং বডির অধিবেশনে যথাযথ স্বীকৃতি পাবে। একই সঙ্গে আইএলও সংবিধানের ২৬ অনুচ্ছেদের অধীনে বাংলাদেশের বিরুদ্ধে চলমান মামলাটি দ্রুত নিষ্পত্তির পথ সুগম হবে বলেও তিনি প্রত্যাশা ব্যক্ত করেন।
আইএলও মহাপরিচালক গিলবার্ট এফ. হুংবো বাংলাদেশের শ্রমখাত উন্নয়নে সরকারের রাজনৈতিক সদিচ্ছা ও উদ্যোগের প্রশংসা করেন। তিনি বলেন, শ্রমখাত সংস্কার, শোভন কর্মপরিবেশ এবং সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠায় বাংলাদেশের প্রচেষ্টায় আইএলওর সহযোগিতা অব্যাহত থাকবে।
তিনি আরও বলেন, বাংলাদেশের শ্রমপরিস্থিতির উন্নয়ন আইএলওর অন্যান্য দেশের সঙ্গে সম্পৃক্ততার ক্ষেত্রেও একটি ইতিবাচক উদাহরণ হতে পারে।
বৈঠকে বাংলাদেশ ও আইএলওর মধ্যে বিদ্যমান অংশীদারিত্ব আরও জোরদার করার বিষয়ে উভয় পক্ষ অঙ্গীকার পুনর্ব্যক্ত করে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন