× UCB Sticker Card
সোমবার, ২০ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুলাই ১৯, ২০২৬, ০৯:২২ পিএম

পাসপোর্টে থাকছে আবু সাঈদ-মুগ্ধ-ওয়াসিমের ছবি, বাদ শেখ মুজিবের সমাধিসৌধ

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুলাই ১৯, ২০২৬, ০৯:২২ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

ছয় বছর আগে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে বাংলাদেশের পাসপোর্ট থেকে ‘ইসরায়েল ব্যতীত’ (Except Israel) শব্দবন্ধ বাদ দেওয়া হলেও, সেটি আবারও যুক্ত করা হয়েছে।

রোববার (১৯ জুলাই) এ-সংক্রান্ত সরকারি আদেশ জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। একই সঙ্গে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তরকে নির্দেশ দেওয়া হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, এখন থেকে যেসব নতুন ই-পাসপোর্ট তৈরি হবে, সেগুলোতে আবারও ‘ইসরায়েল ব্যতীত’ শব্দবন্ধ উল্লেখ থাকবে।

মন্ত্রণালয় জানিয়েছে, বাংলাদেশের পররাষ্ট্রনীতি, জনমত এবং ফিলিস্তিন ইস্যুতে দেশের দীর্ঘদিনের অবস্থানের সঙ্গে সামঞ্জস্য রেখেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সরকারি আদেশে বলা হয়েছে, ই-পাসপোর্ট বুকলেটের বিদ্যমান ছবিগুলো পুনর্বিন্যাস করে নকশা পরিবর্তন, পরিবর্ধন ও সংশোধন করা হয়েছে। পাশাপাশি জলছাপ (ওয়াটারমার্ক) নতুনভাবে সুবিন্যস্ত করা হয়েছে।

নতুন ই-পাসপোর্টের জলছাপে ‘ইসরায়েল ব্যতীত’ শব্দবন্ধ পুনঃসংযোজনের পাশাপাশি আরও কয়েকটি গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছে।

এতে জুলাই গণ-অভ্যুত্থান ২০২৪–এর স্মরণে রংপুর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শহীদ আবু সাঈদ, শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধ এবং শহীদ ওয়াসিম আকরামের ছবি সংযোজন করা হয়েছে।

এ ছাড়া সব ধর্মের প্রতীকও নতুন ই-পাসপোর্টে অন্তর্ভুক্ত করা হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র জানায়, ২০২০ সালে আওয়ামী লীগ সরকারের আমলে প্রায় সাড়ে চার হাজার কোটি টাকা ব্যয়ে ইলেকট্রনিক পাসপোর্ট (ই-পাসপোর্ট) পরিষেবা চালু করা হয়। সে সময় পাসপোর্ট থেকে ‘ইসরায়েল ব্যতীত’ শব্দবন্ধটি বাদ দেওয়া হয়েছিল। এর আগে বাংলাদেশের পাসপোর্টে লেখা থাকত, ‘এই পাসপোর্ট বিশ্বের সব দেশের জন্য বৈধ, ইসরায়েল ছাড়া।’ পরে বিভিন্ন মহল থেকে শব্দবন্ধটি পুনরায় যুক্ত করার দাবি ওঠে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়ে ১৭ ফেব্রুয়ারি বিএনপি সরকার দায়িত্ব গ্রহণের পর ই-পাসপোর্টে বেশ কয়েকটি পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়। এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় একাধিক সভা করে প্রধানমন্ত্রীর কাছে সারসংক্ষেপ পাঠায়। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী নতুন কয়েকটি ছবি জলছাপে সংযোজন করা হয় এবং রোববার এ-সংক্রান্ত সরকারি আদেশ জারি করা হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র আরও জানায়, নতুন নকশায় পাসপোর্ট থেকে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধ, রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে স্বাধীনতার স্তম্ভ, মডেল মসজিদ, বঙ্গবন্ধু সেতু (যমুনা সেতু), বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভোথিয়েটার, বঙ্গবন্ধু স্যাটেলাইট, পদ্মা সেতু, মেট্রোরেল, নৌকার প্রতীক, কক্সবাজার সমুদ্রসৈকত, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র এবং মেহেরপুরে মুজিবনগর সরকারের স্মৃতিসৌধের ছবি বাদ দেওয়া হয়েছে।

ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, নতুন নির্দেশনা অনুযায়ী ধাপে ধাপে নতুন সংস্করণের ই-পাসপোর্ট ইস্যু করা হবে। তবে বর্তমানে ব্যবহৃত পুরোনো পাসপোর্টধারীদের জন্য তাৎক্ষণিক কোনো জটিলতা তৈরি হবে না। মেয়াদ শেষ হলে নবায়নের সময় তারা নতুন সংস্করণের পাসপোর্ট পাবেন। নতুন জলছাপসংবলিত নকশা ৪৮ ও ৬৪ পৃষ্ঠার উভয় ধরনের ই-পাসপোর্টে ব্যবহার করা হবে।

Link copied!