× UCB Sticker Card
সোমবার, ২০ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: জুলাই ১৯, ২০২৬, ১০:০৭ পিএম

যাত্রীদের জন্য বিনামূল্যে ইন্টারনেট সুবিধা চালুর পরিকল্পনা ইউএস-বাংলার

রূপালী ডেস্ক

প্রকাশিত: জুলাই ১৯, ২০২৬, ১০:০৭ পিএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

দেশের অন্যতম বৃহৎ বেসরকারি বিমান সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইনস সফলতার সঙ্গে ১২ বছর অতিক্রম করে ১৩তম বছরে পদার্পণ করেছে। এ উপলক্ষে রোববার প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন যাত্রী, অংশীদার ও শুভানুধ্যায়ীদের শুভেচ্ছা জানিয়ে বলেন, নিরাপত্তা, আন্তর্জাতিক মানের সেবা এবং প্রযুক্তিনির্ভর পরিচালনার মাধ্যমে ইউএস-বাংলাকে বৈশ্বিক আকাশপথে বাংলাদেশের অন্যতম শক্তিশালী ব্র্যান্ড হিসেবে গড়ে তোলাই তাদের লক্ষ্য।

একই দিন কক্সবাজারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি প্রতিষ্ঠানের ভবিষ্যৎ সম্প্রসারণ পরিকল্পনার কথাও তুলে ধরেন। তিনি জানান, ২০২৭ সালের মধ্যে ইউএস-বাংলার বহরে ২১টি নতুন বোয়িং উড়োজাহাজ যুক্ত হবে। এর মধ্যে থাকবে ১৫টি Boeing 737-8 এবং ৬টি Boeing 737-800 NG। পাশাপাশি ফুল-সার্ভিস ও লো-কস্ট—দুই ধরনের এয়ারলাইনস পরিচালনার পরিকল্পনা রয়েছে। এ বিষয়ে আগামী ২৯ তারিখ আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে।

আব্দুল্লাহ আল মামুন বলেন, ২০১৪ সালে যশোর রুটে অভ্যন্তরীণ ফ্লাইট পরিচালনার মাধ্যমে ইউএস-বাংলার যাত্রা শুরু হয়। সীমিত পরিসর থেকে শুরু করে বর্তমানে প্রতিষ্ঠানটির বহরে রয়েছে ২৫টি আধুনিক উড়োজাহাজ। এর মধ্যে ৩টি এয়ারবাস এ৩৩০-৩০০, ৯টি বোয়িং ৭৩৭-৮০০ এবং এটিআর ৭২-৬০০ উড়োজাহাজ রয়েছে। এসব উড়োজাহাজ দিয়ে দেশের ৬টি অভ্যন্তরীণ ও ১০টি দেশের ১৪টি আন্তর্জাতিক গন্তব্যে প্রতিদিন প্রায় ১০০টি ফ্লাইট পরিচালনা করা হচ্ছে।

তিনি বলেন, একটি এয়ারলাইনসের প্রকৃত শক্তি শুধু বহরের আকারে নয়, বরং নিরাপত্তা, সেবার মান, পরিচালন দক্ষতা এবং যাত্রী সন্তুষ্টির ওপর নির্ভর করে। এ কারণে ইউএস-বাংলা বাংলাদেশের প্রথম বেসরকারি এয়ারলাইনস হিসেবে আইএটিএ (IATA) ও আইওএসএ (IOSA)-এর আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করেছে। আন্তর্জাতিক ফ্লাইটে ১৫ মিনিটের মধ্যে লাগেজ সরবরাহের প্রতিশ্রুতিও প্রতিষ্ঠানটি বাস্তবায়ন করছে বলে জানান তিনি।

ভবিষ্যৎ পরিকল্পনার বিষয়ে এমডি বলেন, বহর সম্প্রসারণের পাশাপাশি আন্তর্জাতিক রুটও বাড়ানো হবে। কুয়েত, বাহরাইন, মদিনা, দাম্মাম, কাঠমান্ডু, কলম্বো, হংকং, মালয়েশিয়ার জোহর বাহরু ও পেনাংসহ নতুন কয়েকটি গন্তব্যে ফ্লাইট চালুর পরিকল্পনা রয়েছে। এছাড়া প্রয়োজনীয় দ্বিপাক্ষিক চুক্তি সম্পন্ন হলে দক্ষিণ কোরিয়া ও জাপানেও ফ্লাইট পরিচালনা করতে চায় প্রতিষ্ঠানটি।

সংবাদ সম্মেলনে দেশে কোনো কার্গো এয়ারলাইনস না থাকাকে 'দুর্ভাগ্যজনক' উল্লেখ করে আব্দুল্লাহ আল মামুন বলেন, এতে দেশের আন্তর্জাতিক বাণিজ্য ও কানেক্টিভিটি বাধাগ্রস্ত হচ্ছে। তিনি মনে করেন, এভিয়েশন খাতে নীতিগত সহায়তা বাড়ানো গেলে বৈদেশিক মুদ্রা সাশ্রয়ের পাশাপাশি দেশের আন্তর্জাতিক যোগাযোগ আরও শক্তিশালী হবে।

তিনি আরও জানান, নতুন প্রজন্মের উড়োজাহাজে ওয়্যারলেস স্ট্রিমিং, ইন-ফ্লাইট ইন্টারনেট এবং প্রতিটি আসনে চার্জিং সুবিধা থাকবে। ভবিষ্যতে যাত্রীদের জন্য বিনামূল্যে ইন্টারনেট সুবিধা চালুর পরিকল্পনাও রয়েছে। একই সঙ্গে মানবসম্পদ উন্নয়নের অংশ হিসেবে ইতোমধ্যে ৫০ জন তরুণকে বিদেশে পাইলট প্রশিক্ষণে পাঠানো হয়েছে এবং ভবিষ্যতে আরও ২০০ জনকে প্রশিক্ষণের আওতায় আনার পরিকল্পনা রয়েছে।

জাতীয় অর্থনীতিতে অবদানের কথা উল্লেখ করে ইউএস-বাংলার ব্যবস্থাপনা পরিচালক বলেন, বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের অন্যতম শীর্ষ রাজস্ব প্রদানকারী বেসরকারি এয়ারলাইনস হিসেবে প্রতিষ্ঠানটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তবে আন্তর্জাতিক রুটে দেশীয় এয়ারলাইনসগুলোর সম্মিলিত মার্কেট শেয়ার এখনো প্রায় ২৫ শতাংশ, বাকি ৭৫ শতাংশ বিদেশি এয়ারলাইনসের দখলে। এই পরিস্থিতির পরিবর্তনে সরকারি নীতিগত সহায়তা প্রয়োজন বলেও তিনি মন্তব্য করেন।

এক যুগের পথচলায় পাশে থাকার জন্য যাত্রী, শেয়ারহোল্ডার, ব্যবসায়িক অংশীদার, সরকার, নিয়ন্ত্রক সংস্থা, দেশি-বিদেশি সহযোগী প্রতিষ্ঠান এবং গণমাধ্যমের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আব্দুল্লাহ আল মামুন বলেন, নিরাপত্তা, সেবার উৎকর্ষ, পরিচালন দক্ষতা ও টেকসই প্রবৃদ্ধিকে ভিত্তি করেই ইউএস-বাংলা আগামী দিনের পথচলা অব্যাহত রাখবে।

Link copied!