চট্টগ্রাম নগরীর চকবাজার থানাধীন ডিজিটাল ডট নেট (ডিডিএন) নামের একটি ইন্টারনেট সেবা প্রদানকারী প্রতিষ্ঠানে চাঁদা দাবিকে কেন্দ্র করে সংঘবদ্ধ হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় দায়ের করা মামলায় আরও অগ্রগতি হয়েছে। মামলার তদন্তে হামলাকারীদের বহনকারী একটি অ্যাম্বুলেন্স জব্দ করেছে পুলিশ। একই সঙ্গে অ্যাম্বুলেন্সটির চালকসহ আরও ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানায়, অভিযান চালিয়ে চট্টগ্রামের রাউজান থানা এলাকা থেকে হামলায় ব্যবহৃত অ্যাম্বুলেন্সটি জব্দ করা হয়। এ সময় অ্যাম্বুলেন্সের চালক মো. মহিউদ্দিনকে (৩১) গ্রেপ্তার করা হয়।
এদিকে শনিবার (১৯ জুলাই) র্যাব-৭, চট্টগ্রাম পৃথক অভিযান চালিয়ে সিসিটিভি ফুটেজে শনাক্ত হওয়া মামলার আরও ৯ জন আসামিকে গ্রেপ্তার করে। এ সময় তাদের কাছ থেকে চারটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, গ্রেপ্তার হওয়া আসামিদের আদালতে পাঠানো হয়েছে। মামলার তদন্ত অব্যাহত রয়েছে এবং ঘটনায় জড়িত অন্য আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।
পুলিশ আরও জানায়, ডিডিএন প্রতিষ্ঠানে চাঁদা দাবির পর সংঘটিত হামলা ও ভাঙচুরের ঘটনায় এ পর্যন্ত মোট ২২ জন আসামিকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন