বৈদেশিক রেমিট্যান্স আহরণে গত কয়েক বছরে ধারাবাহিকভাবে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে বাংলাদেশ কৃষি ব্যাংক। রেমিট্যান্স সংগ্রহে প্রবৃদ্ধি ও অবস্থানের দিক থেকে ব্যাংকটি নতুন মাইলফলক স্পর্শ করেছে।
ব্যাংক সূত্রে জানা গেছে, ২০২১-২২ অর্থবছরে বাংলাদেশ কৃষি ব্যাংকের মাধ্যমে রেমিট্যান্স আহরণের পরিমাণ ছিল ৩৭১.৮৩ মিলিয়ন মার্কিন ডলার। সে সময় রেমিট্যান্স আহরণে ব্যাংকটির অবস্থান ছিল ১৭তম। পরবর্তী বছরগুলোতে ধারাবাহিকভাবে এ পরিমাণ বৃদ্ধি পায়। ২০২২-২৩ অর্থবছরে ব্যাংকটি ৫২২.২৪ মিলিয়ন মার্কিন ডলার, ২০২৩-২৪ অর্থবছরে ৭১৮.৪৮ মিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স আহরণ করে এবং ওই অর্থবছরে দেশের ১০ম অবস্থানে উঠে আসে।
এরপর ২০২৪-২৫ অর্থবছরে রেমিট্যান্স আহরণ বেড়ে দাঁড়ায় ২,১১১.১৮ মিলিয়ন মার্কিন ডলার, যা ব্যাংকটিকে দেশের চতুর্থ সর্বোচ্চ রেমিট্যান্স আহরণকারী ব্যাংকের অবস্থানে নিয়ে যায়।
২০২৫-২৬ অর্থবছরের শেষ নাগাদ বাংলাদেশ কৃষি ব্যাংকের রেমিট্যান্স আহরণ ৪ বিলিয়ন মার্কিন ডলার অতিক্রম করে। আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ব্যাংকটি ১০৭ শতাংশের বেশি প্রবৃদ্ধি অর্জন করে দেশের দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স আহরণকারী ব্যাংক হিসেবে নিজেদের অবস্থান আরও সুদৃঢ় করেছে।
এর আগে, ২০২৫ সালে ৩.১৩ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স আহরণ করে নতুন রেকর্ড গড়েছিল বাংলাদেশ কৃষি ব্যাংক।
এ ছাড়া, শুধু ২০২৬ সালের জুন মাসেই ব্যাংকটি ৪৪১.৬৮ মিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স আহরণ করেছে। ফলে জুন মাসে রেমিট্যান্স আহরণে দেশের সব ব্যাংকের মধ্যে শীর্ষস্থান অর্জন করেছে বাংলাদেশ কৃষি ব্যাংক।
সব মিলিয়ে, ২০২৫-২৬ অর্থবছরে বাংলাদেশ কৃষি ব্যাংকের মোট আহরিত রেমিট্যান্সের পরিমাণ দাঁড়িয়েছে ৪,১০০.৬২ মিলিয়ন মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৫০,২৪৯ কোটি টাকা।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন