গাজীপুরের টঙ্গীর মেইলগেট এলাকায় গোল্ডেন পরিবহনের একটি বাসের ধাক্কায় মো. শাহাদাৎ হোসেন (৪০) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
সোমবার (১১ মে) সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আহত শাহাদাৎকে হাসপাতালে নেওয়া মো. লাজু মিয়া জানান, সন্ধ্যা ৭টার দিকে মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় টঙ্গীর মেইলগেট এলাকায় দ্রুতগতির গোল্ডেন পরিবহনের একটি বাস শাহাদাৎকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে টঙ্গীর একটি হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
লাজু মিয়া আরও জানান, শাহাদাৎ পেশায় রাইড শেয়ারিং চালক ছিলেন। তিনি টঙ্গীর মেইলগেট এলাকার বাসিন্দা এবং আব্দুল গণির ছেলে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন