ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁ অংশে লাঙ্গলবন্দ সেতুর সংস্কারকাজ চলায় ঢাকামুখী লেনে প্রায় ১৭ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন যাত্রী ও পরিবহন চালকরা।
সোমবার (১৮ মে) সকাল থেকে সেতুর ক্ষতিগ্রস্ত অংশে ঢালাই কাজ শুরু করে সড়ক বিভাগ। কাজের সুবিধার্থে ঢাকামুখী লেনের একটি অংশ বন্ধ রেখে এক লেন দিয়ে যান চলাচল করানো হচ্ছে। ফলে ধীরে ধীরে যানজট সোনারগাঁ ছাড়িয়ে মেঘনা সেতু এলাকা হয়ে মুন্সীগঞ্জের গজারিয়া পর্যন্ত বিস্তৃত হয়।
সরেজমিনে দেখা যায়, মহাসড়কের বিভিন্ন অংশে শত শত বাস, ট্রাক, কাভার্ডভ্যান ও ব্যক্তিগত গাড়ি দীর্ঘ সময় আটকে রয়েছে। অনেক যাত্রীকে গাড়ি থেকে নেমে হেঁটে গন্তব্যের দিকে যেতে দেখা গেছে। বিশেষ করে নারী, শিশু ও অসুস্থ যাত্রীরা বেশি ভোগান্তিতে পড়েছেন।
ঢাকাগামী ট্রাকচালক ওবায়দুল মিয়া বলেন, সকাল ৯টার দিকে দাউদকান্দি সেতু পার হওয়ার পর থেকেই যানজটে আটকা পড়েছেন। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও যানবাহন খুব ধীরগতিতে এগোচ্ছে।
তিশা পরিবহনের যাত্রী বৃষ্টি পোদ্দার জানান, যেখানে ১০ মিনিটে পৌঁছানোর কথা, সেখানে আড়াই ঘণ্টা ধরে যানজটে বসে থাকতে হয়েছে। সময়মতো অফিসে পৌঁছাতে না পারায় গুরুত্বপূর্ণ বৈঠকও মিস করেছেন বলে জানান তিনি।
অন্যদিকে, প্রাইভেটকার চালক মোহাম্মদ রাব্বানি বলেন, মেঘনা টোলপ্লাজা থেকে ঢাকামুখী লেন প্রায় স্থবির হয়ে পড়ে। আড়াই ঘণ্টা অপেক্ষার পর মেঘনা সেতু পার হতে সক্ষম হন, যেখানে স্বাভাবিক সময়ে সময় লাগে মাত্র ৮ থেকে ১০ মিনিট।
কাঁচপুর হাইওয়ে থানার ওসি শামীম শেখ বলেন, লাঙ্গলবন্দ সেতুর ক্ষতিগ্রস্ত অংশে ঢালাই কাজ চলমান থাকায় সকাল থেকে ঢাকামুখী লেনে যানজট তৈরি হয়েছে। বর্তমানে এক লেন দিয়ে যান চলাচল করছে এবং দ্রুত কাজ শেষ করার চেষ্টা চলছে। আজকের মধ্যেই পরিস্থিতি স্বাভাবিক হবে বলে আশা প্রকাশ করেন তিনি।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন