সীমান্ত এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ৫০ বোতল ভারতীয় মদসহ এক যুবককে আটক করেছে নেত্রকোনা ব্যাটালিয়ন ৩১ বিজিবি। শনিবার ভোর সাড়ে ৫টার দিকে কলমাকান্দা উপজেলার গুচ্ছগ্রাম এলাকা থেকে তাকে আটক করা হয়।
নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বরুয়াকোনা বিওপির ৮ সদস্যের একটি বিশেষ টহল দল অভিযান চালায়। সীমান্ত পিলার ১১৮০/৫-এস থেকে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে রংছাতি ইউনিয়নের গুচ্ছগ্রাম এলাকায় এই অভিযান পরিচালিত হয়। এ সময় বিভিন্ন ব্র্যান্ডের ৫০ বোতল ভারতীয় মদসহ মো. রনি মিয়া ২০ কে আটক করা হয়।
আটক রনি মিয়ার বাবার নাম মজিবর মিয়া। তার বাড়ি নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলার বরুয়াকোনা ডাকঘরের গারমপাড়া গ্রামে।
নেত্রকোনা ব্যাটালিয়ন ৩১ বিজিবির পরিচালক লে. কর্নেল তৌহিদুল বারী, পিএসসি জানিয়েছেন, আটক আসামিকে মাদকসহ কলমাকান্দা থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন। সীমান্তে মাদক চোরাচালান রোধে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন