নওগাঁর মান্দায় জমি-সংক্রান্ত বিরোধের জের ধরে লাঠির আঘাতে আব্দুল হামিদ (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এ ঘটনায় প্রধান অভিযুক্ত আপেলসহ (২৫) তার বাবা হায়দার আলী (৬৫), মা আলেফা বেগম (৫০) ও চাচা আব্দুল মতিন (৪০) নামে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (০৭ জুন) সকালে উপজেলার ভারশোঁ ইউপির ছুটিপুর বিলের বিবদমান জমিতে এ ঘটনা ঘটে।
নিহত আব্দুল হামিদ উপজেলার ছুটি গ্রামের মৃত মেহের আলীর ছেলে।
অপরদিকে অভিযুক্তরা হলেন, একই এলাকার প্রতিবেশী হায়দার আলীর ছেলে আপেল (২৫), কছিমুদ্দিন ওরফে বিশার ছেলে হায়দার আলী (৫৫) ও আব্দুল মতিন (৪০)।
জানা গেছে, ঘটনার দিন আসামিরা বিবদমান জমিতে আমন ধানের চারা রোপণ করার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। খবর পেয়ে নিহত আব্দুল হামিদ চারা রোপণে বাধা প্রদান করলে আসামিরা উত্তেজিত হয়ে তাকে মারধর শুরু করেন। একপর্যায়ে আসামি আপেলের লাঠির আঘাতে আব্দুল হামিদ ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন।
খবর পেলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালে পাঠিয়েছেন।
এ ব্যাপারে মান্দা থানার ওসি খোরশেদ আলম বলেন, জমি-সংক্রান্ত বিরোধে আব্দুল হামিদ নামে এক বৃদ্ধ নিহত হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য প্রধান অভিযুক্তসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন