মৌলভীবাজারের জুড়ী উপজেলায় একটি রাস্তার এইচবিবি-করণ (ডাবল ইটসলিং) ও গার্ড ওয়াল নির্মাণ প্রকল্পের কাজ শেষ হওয়ার আগেই বিভিন্ন স্থানে রাস্তা ধসে পড়া এবং গার্ড ওয়াল ভেঙে পড়েছে। স্থানীয়দের দাবি, নির্মাণকাজে অনিয়ম ও নিম্নমানের কাজের কারণেই এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। দ্রুত মেরামতের ব্যবস্থা না নিলে জনসাধারণের জন্য গুরুত্বপূর্ণ এই সড়কটি ভোগান্তির কারণ হয়ে দাঁড়াতে পারে বলে আশঙ্কা করছেন তারা।
জানা গেছে, গ্রামীণ মাটির রাস্তা টেকসই করার লক্ষ্যে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে ‘হেরিং বোন বন্ডকরণ (দ্বিতীয় পর্যায়)’ প্রকল্পের আওতায় ২০২৫-২৬ অর্থবছরে ৮৬ লাখ টাকা ব্যয়ে জুড়ী উপজেলার জায়ফরনগর ইউনিয়নের শাহাপুর মাদ্রাসা সংলগ্ন এলাকা থেকে শাহাপুর গ্রামের আব্দুল মতিনের বাড়ির নিকটবর্তী পুরাতন এইচবিবি রাস্তা পর্যন্ত প্রায় এক কিলোমিটার সড়ক এইচবিবিকরণের কাজ শুরু হয়।
প্রকল্পটির দায়িত্ব পায় স্কাইলাইন এন্টারপ্রাইজ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। গত ৪ এপ্রিল স্থানীয় সংসদ সদস্য নাসির উদ্দিন আহমেদ মিঠু প্রধান অতিথি হিসেবে নির্মাণকাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, কাজ চলমান অবস্থাতেই সড়কের বিভিন্ন স্থানে ইটসলিং এলোমেলো হয়ে যায়, কোথাও কোথাও রাস্তা দেবে যায় এবং গার্ড ওয়াল ভেঙে পড়ে। এতে এলাকাবাসীর মধ্যে ক্ষোভ ও অসন্তোষের সৃষ্টি হয়েছে।
এলাকাবাসী জানান, নির্মাণকাজে বালুর পরিমাণ কম ব্যবহার করা হয়েছে এবং যথাযথভাবে রাস্তার ড্রেসিং করা হয়নি। পাশাপাশি গার্ড ওয়াল নির্মাণেও প্রকল্পের নির্ধারিত মান ও নকশা অনুসরণ করা হয়নি বলে তাদের অভিযোগ। ফলে বিভিন্ন স্থানে ফাটল, ধস ও ভাঙনের ঘটনা ঘটেছে।
এ বিষয়ে জুড়ী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান জানান, কাজ এখনো চলমান এবং ক্ষতিগ্রস্ত অংশগুলো দ্রুত মেরামতের জন্য সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানকে নির্দেশ দেওয়া হয়েছে।
ঠিকাদারি প্রতিষ্ঠান স্কাইলাইন এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী প্রকৌশলী অভিজিৎ দে বলেন, রাস্তার পাশের বাসিন্দারা বাড়ির বৃষ্টির পানি নিষ্কাশনের পর্যাপ্ত ব্যবস্থা না রাখায় পানি রাস্তার ওপর দিয়ে প্রবাহিত হয়েছে। এতে রাস্তার নিচের মাটি সরে গিয়ে গার্ড ওয়াল ও সড়কের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার নির্দেশনা অনুযায়ী ক্ষতিগ্রস্ত অংশগুলো মেরামতের কাজ করা হবে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন