মৌলভীবাজারের বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ বিমান বাহিনী ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (১৫ জুলাই) জেলার রাজনগর ও কমলগঞ্জ উপজেলার বিভিন্ন বন্যাদুর্গত এলাকায় ত্রাণ, চিকিৎসাসেবা ও রান্না করা খাবার বিতরণ করা হয়।
রাজনগর উপজেলার কামারচাক ইউনিয়নের করাইয়া গ্রামের সরকারি আবাসন প্রকল্পে বাংলাদেশ বিমান বাহিনীর উদ্যোগে দেড় শতাধিক বন্যার্ত মানুষের মধ্যে প্যাকেটজাত খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। একই সঙ্গে বাংলাদেশ বিমান বাহিনী মহিলা কল্যাণ সমিতি (বাফওয়া)-এর সভানেত্রী সালেহা খানের সৌজন্যে বন্যার্তদের বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করা হয়।
ত্রাণ বিতরণ কার্যক্রমে উপস্থিত থেকে বন্যার্তদের হাতে সহায়তা তুলে দেন বাংলাদেশ বিমান বাহিনীর গ্রুপ ক্যাপ্টেন চৌধুরী আল্লাহ আল আমীন। তিনি বলেন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো বাংলাদেশ বিমান বাহিনীর মানবিক দায়িত্বের অংশ। জেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে ত্রাণ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে এবং পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই সহায়তা অব্যাহত থাকবে।
তিনি আরও জানান, বিমান বাহিনীর উদ্ধারকারী দল ও হেলিকপ্টার সর্বক্ষণ প্রস্তুত রয়েছে। দুর্গত মানুষের জন্য প্রয়োজনীয় খাদ্যসামগ্রী, চিকিৎসা উপকরণ ও পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট বিতরণ করা হচ্ছে। ভবিষ্যতেও দেশের যেকোনো দুর্যোগ ও সংকটময় পরিস্থিতিতে বাংলাদেশ বিমান বাহিনী জনগণের পাশে থাকবে।
এ সময় বাংলাদেশ বিমান বাহিনী রাডার ইউনিট, মৌলভীবাজারের ফ্লাইট লেফটেন্যান্ট (অ্যাডজুট্যান্ট) ফাতেমা আক্তার লিমাও উপস্থিত ছিলেন।
অন্যদিকে, মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার সীমান্তবর্তী মখাবিল ইউনিয়নের মনিপুরি পাড়াসহ আশপাশের বন্যাদুর্গত এলাকায় মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা করেছে ৪৬ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ব্যাটালিয়ন।
দিনব্যাপী পরিচালিত এ কার্যক্রমে প্রায় সাড়ে ৪০০ বন্যার্ত মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ দেওয়া হয়। এছাড়া ১০০ জনের মধ্যে রান্না করা খাবার বিতরণ করা হয়। মেডিকেল ক্যাম্পে চারজন বিশেষজ্ঞ চিকিৎসক পানিবাহিত রোগসহ বিভিন্ন স্বাস্থ্যসমস্যায় আক্রান্ত মানুষের চিকিৎসাসেবা প্রদান করেন।
৪৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সরকার আসিফ মাহমুদ বলেন, সীমান্ত নিরাপত্তার পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগে অসহায় মানুষের পাশে দাঁড়ানো বিজিবির মানবিক দায়িত্বের অংশ। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন