বন্যাদুর্গত মানুষের পাশে মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত রেখেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জামালপুরে বন্যাকবলিত ৫৫২ জন মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ বিতরণ করেছে বাহিনীটি।
বুধবার (১৫ জুলাই) সকালে বিজিবির জামালপুর ব্যাটালিয়ন (৩৫ বিজিবি)-এর উদ্যোগে বকশীগঞ্জ উপজেলার সীমান্তবর্তী লাউচাপড়া বিনোদন কেন্দ্রে একটি ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। ক্যাম্পটি পরিচালনা করে সাতানীপাড়া বিওপি।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চিকিৎসাসেবা কার্যক্রমের উদ্বোধন করেন বিজিবির ময়মনসিংহ সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল সরকার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান।
চিকিৎসা ক্যাম্পে ময়মনসিংহ সেক্টরের ভারপ্রাপ্ত সিনিয়র মেডিক্যাল অফিসার মেজর এস. এফ. এইচ. উর্মি, জামালপুর ব্যাটালিয়নের মেডিকেল অফিসার ডা. মো. ফজলে রাব্বী, ঢাকার পঙ্গু হাসপাতালের অর্থোপেডিক সার্জন ডা. এস. এম. আলকাস তাহমিদ এবং বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার অংশ নেন। তারা বন্যাকবলিত ৫৫২ জন নারী, পুরুষ ও শিশুকে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করেন এবং প্রয়োজনীয় ওষুধ বিতরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন জামালপুর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান, উপ-অধিনায়ক মেজর মোহাম্মদ মুশফিকুল, সহকারী পরিচালক মো. ইমাম হোসেন, স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি, গণমাধ্যমকর্মী এবং বিপুলসংখ্যক এলাকাবাসী।
জামালপুর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান বলেন, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি দুর্যোগকালে অসহায় মানুষের পাশে দাঁড়ানো বিজিবির অন্যতম দায়িত্ব। তিনি জানান, ভবিষ্যতেও মানবিক ও জনকল্যাণমূলক এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন