ভোলার লালমোহন উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ইয়াবা, গাঁজা ও ফেনসিডিলসহ পাঁচজন কথিত মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। এ সময় একটি মোটরসাইকেলও জব্দ করা হয়।
বুধবার (১৫ জুলাই) উপজেলার বদরপুর ইউনিয়নের দেবিরচর ২ নম্বর ওয়ার্ডের মেলকার বাড়ির সামনে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন— মনির, রবিউল (পিতা: হারুন মেলকার), আল আমিন (পিতা: রবিন মেলকার), হাসান (পিতা: আলমগীর) এবং রাকিব (পিতা: নুর ইসলাম)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে দেবিরচর এলাকার মেলকার বাড়ির সামনে কয়েকজন ব্যক্তি মাদক কেনাবেচায় জড়িত। এমন তথ্যের ভিত্তিতে লালমোহন থানার একটি বিশেষ টিম সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে পাঁচজনকে আটক করা হয়।
পরে তাদের দেহ ও সঙ্গে থাকা মালামাল তল্লাশি করে ১৫০ পিস ইয়াবা, ২৫০ গ্রাম গাঁজা, দুই বোতল ফেনসিডিল এবং একটি সুজুকি জিক্সার মোটরসাইকেল জব্দ করা হয়।
লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. অলিউল ইসলাম বলেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। আইনি কার্যক্রম শেষে তাদের আদালতে পাঠানো হবে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন