নোয়াখালীর বেগমগঞ্জে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মো. আব্দুর রহমান ওরফে সুমন (৩৮) নামে এক কৃষি কর্মকর্তা নিহত হয়েছেন। শনিবার (১৮ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার চৌমুহনী-ছমিরমুন্সিরহাট সড়কের রোহিতার পোল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সুমন জেলার সোনাইমুড়ী উপজেলার নাটেশ্বর ইউনিয়নের আব্দুর রশীদ খানের ছেলে। তিনি বেগমগঞ্জ উপসহকারী কৃষি কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন।
স্থানীয়রা জানান, সকালে সুমন শ্বশুরবাড়ি থেকে বেগমগঞ্জের একলাশপুর ইউনিয়নে কৃষক কার্ডের তথ্য সংগ্রহ করার উদ্দেশ্যে মোটরসাইকেলযোগে রওনা দেন। যাত্রাপথে তার মোটরসাইকেলটি উপজেলার চৌমুহনী-ছমিরমুন্সিরহাট সড়কের রোহিতার পোল পৌঁছলে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। দুর্ঘটনার পর ট্রাকচালক পালিয়ে গেলেও স্থানীয়রা ট্রাকটি আটক করে পুলিশে খবর দেন।
বেগমগঞ্জ থানার ওসি মোহাম্মদ শামসুজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ট্রাকটি জব্দ করে থানায় নিয়ে এসেছে। নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন