ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

প্রকৌশল ও কারিগরি শিক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার: ভূমিমন্ত্রী

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: জুলাই ১৮, ২০২৬, ০৫:১১ পিএম

ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের শিক্ষা ব্যবস্থায়, বিশেষ করে প্রকৌশল ও কারিগরি শিক্ষায় সর্বোচ্চ গুরুত্ব ও অগ্রাধিকার দিচ্ছেন। এরই ধারাবাহিকতায় পলিটেকনিক ইনস্টিটিউটগুলোর শিক্ষা কার্যক্রম আরও গতিশীল ও আধুনিক করতে নতুন একাডেমিক ভবন নির্মাণ করা হচ্ছে, যাতে এ প্রতিষ্ঠান থেকে ভবিষ্যৎ প্রকৌশলীরা দেশ ও বিশ্বের উন্নয়নে আরও কার্যকর ভূমিকা রাখতে পারেন।

শনিবার দুপুরে রাজশাহী সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কার্যালয় উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পরে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

ভূমিমন্ত্রী বলেন, সরকারের উন্নয়ন পরিকল্পনার অংশ হিসেবে পর্যায়ক্রমে এ প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের জন্য বড় হোস্টেল নির্মাণ ও আধুনিকায়ন করা হবে। এছাড়া শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে প্রতিষ্ঠানটিকে দুটি ইলেকট্রিক বাস উপহার দেওয়া হবে।

পরিবেশ সংরক্ষণে সরকারের অঙ্গীকারের কথা উল্লেখ করে তিনি বলেন, রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) ও রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) সহযোগিতায় প্রতিষ্ঠান চত্বরে ব্যাপকভাবে নিম ও ফলদ গাছ রোপণের মাধ্যমে ক্যাম্পাসকে সবুজায়ন করতে হবে। প্রধানমন্ত্রীর লক্ষ্য প্রতি বছর ৫ কোটি করে আগামী পাঁচ বছরে মোট ২৫ কোটি বৃক্ষ রোপণ।

শিক্ষার্থীদের উদ্দেশে প্রধানমন্ত্রীর বার্তা তুলে ধরে ভূমিমন্ত্রী বলেন, উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে ছাত্রসমাজকে অগ্রাধিকারভিত্তিক জীবন গড়ে তুলতে হবে। এক্ষেত্রে প্রথম অগ্রাধিকার হবে শিক্ষা, এরপর সামাজিক দায়িত্ব, খেলাধুলা ও সংস্কৃতি এবং সবশেষে রাজনীতি।

এ সময় তিনি নির্মাণাধীন ভবনের কাজের গুণগত মান নিশ্চিত করতে সংশ্লিষ্ট প্রকৌশলীদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।