মানিকগঞ্জের ঘিওরে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সেতু থেকে গভীর খাদে পড়ে গেলে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ যৌথভাবে উদ্ধার অভিযান চালায়। এ ঘটনায় চারজনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে এবং একজনকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে।
রোববার (১৯ জুলাই) সকাল ৭টা ৪৪ মিনিটে ঘিওর থানার বরঙ্গাইল এলাকা থেকে এক ব্যক্তি জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে দুর্ঘটনার বিষয়টি জানান। তিনি জানান, পাটুরিয়া ঘাট থেকে ঢাকাগামী সেলফি পরিবহনের একটি বাস বরঙ্গাইল বাসস্ট্যান্ড এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে বরঙ্গাইল-ঘিওর সড়কের একটি সেতু থেকে নিচের গভীর খাদে পড়ে যায়। তিনি দ্রুত উদ্ধার কার্যক্রম পরিচালনার জন্য ৯৯৯-এর সহায়তা চান।
খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ৯৯৯ থেকে ঘিওর ফায়ার সার্ভিস স্টেশন ও ঘিওর হাইওয়ে থানাকে বিষয়টি জানিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ করা হয়। ৯৯৯-এর কলটি গ্রহণ করেন কলটেকার কনস্টেবল আল আমিন। পরবর্তীতে উদ্ধার কার্যক্রমের সমন্বয় ও তদারকি করেন ৯৯৯-এর ফায়ার ডিসপাচার ফায়ার ফাইটার মো. আল আমিন।
সংবাদ পেয়ে ঘিওর ফায়ার সার্ভিস ও ঘিওর হাইওয়ে থানার উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করে। এ সময় বাসে আটকে থাকা চারজনকে আহত অবস্থায় উদ্ধার করে ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্সে মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এছাড়া একজনকে মৃত অবস্থায় উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
দুর্ঘটনার কারণ ও নিহত ব্যক্তির পরিচয় নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় আইনগত কার্যক্রম চালিয়ে যাচ্ছে।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন