গাজীপুরের কোনাবাড়ীতে একটি বিয়ের অনুষ্ঠানে অ্যালকোহল ভেবে মিথানল পান করার পর চিকিৎসাধীন অবস্থায় দুই যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তিকে খুঁজছে পুলিশ।
রোববার (১৯ জুলাই) ভোর ৪টার দিকে সজিব (২২) এবং বিকেল সাড়ে ৪টার দিকে রনি মিয়া (২০) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
নিহত সজিব ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার জুনিয়ার বাজার এলাকার আব্দুল রাজ্জাকের ছেলে। তিনি কোনাবাড়ীর বাইমাইল এলাকার কাদের মার্কেট এলাকায় ভাড়া বাসায় থেকে কাঁচামালের ব্যবসা করতেন। অপরদিকে রনি মিয়া একই উপজেলার মোস্তফা ইসলামের ছেলে। তিনি বাইমাইল এলাকায় ভাড়া বাসায় থেকে আশুলিয়া পলিটেকনিক ইনস্টিটিউটে পড়াশোনা করতেন।
স্থানীয়দের ভাষ্য, গত ১০ জুলাই রাতে বাইমাইল এলাকার একটি বিয়ের অনুষ্ঠানে রমজানের আত্মীয় সাগর অ্যালকোহল বলে একটি তরল পদার্থ নিয়ে আসেন। উপস্থিত কয়েকজন সেটি পান করার পরদিন থেকেই অসুস্থ হয়ে পড়েন। প্রথমে স্থানীয় ফার্মেসি ও পরে একটি বেসরকারি ক্লিনিকে চিকিৎসা নেওয়া হলেও অবস্থার অবনতি হলে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সজিব ও রনি মারা যান।
নিহত রনির নানী রেজিয়া খাতুন দাবি করেন, রনি কোনো ধরনের নেশায় আসক্ত ছিলেন না। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকদের প্রাথমিক তথ্য অনুযায়ী, মিথানল (Methanol) বিষক্রিয়ায় তাদের মৃত্যু হয়েছে।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কোনাবাড়ী থানার ওসি মো. ইফতেখার হোসেন বলেন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে একজনের মৃত্যুর বিষয়ে বার্তা পাওয়া গেছে। পরে আরও একজনের মৃত্যুর তথ্য জানা যায়। ঘটনার পর থেকে অভিযুক্ত সাগর পলাতক রয়েছেন। তাকে গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন