সিরাজগঞ্জে নর্দার্ন ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি (নেসকো) পিএলসির নির্বাহী প্রকৌশলী অশীথ পোদ্দারকে বদলি করা হয়েছে। চলতি মাসের ১৫ জুলাই জারি হওয়া এক অফিস আদেশে তাকে রাজশাহীতে তত্ত্বাবধায়ক প্রকৌশলী (বাণিজ্যিক) পদে পদায়ন করা হয়। একই আদেশে আব্দুন নূরকে সিরাজগঞ্জ নেসকোর বিক্রয় ও বিতরণ বিভাগের নতুন নির্বাহী প্রকৌশলী হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
জানা গেছে, নেসকোর রাজশাহী কার্যালয় থেকে ২৬.৫৭৩ নম্বর স্মারকে ব্যবস্থাপক মোহাম্মদ আব্দুর রহিম স্বাক্ষরিত অফিস আদেশে এ বদলির নির্দেশনা জারি করা হয়।
বিষয়টি নিশ্চিত করে সদ্য দায়িত্বপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলী আব্দুন নূর বলেন, আমি এর আগে ঈশ্বরদীতে কর্মরত ছিলাম। সম্প্রতি সিরাজগঞ্জে যোগদান করেছি। একই পদে কর্মরত অশীথ পোদ্দারকে রাজশাহীতে বদলি করা হয়েছে।
উল্লেখ্য, অশীথ পোদ্দারের দায়িত্ব পালনকালে বিভিন্ন অনিয়ম ও অব্যবস্থাপনার অভিযোগ নিয়ে স্থানীয় ও জাতীয় একাধিক গণমাধ্যমে ধারাবাহিকভাবে সংবাদ প্রকাশিত হয়। প্রকাশিত প্রতিবেদনে সরকারি জমিতে বিদ্যুৎ সংযোগ দিয়ে দখলের সুযোগ সৃষ্টি, সরকারি ভবনে স্থাপিত সৌরবিদ্যুৎ (সোলার) ব্যবস্থা সচল রাখতে প্রয়োজনীয় উদ্যোগ না নেওয়া, বায়ু বিদ্যুৎ প্রকল্পে উৎপাদন না হওয়া সত্ত্বেও বিদ্যুৎ ব্যবহার এবং প্রায় ৪০০ কোটি টাকা ব্যয়ে নির্মিত সড়ক প্রকল্পের মাঝখানে ত্রুটিপূর্ণভাবে বিদ্যুৎ লাইন স্থাপনের মতো বিভিন্ন অভিযোগ তুলে ধরা হয়।
তবে এসব অভিযোগের বিষয়ে অশীথ পোদ্দারের বক্তব্য এই প্রতিবেদনের জন্য পাওয়া যায়নি এবং অভিযোগগুলোর বিষয়ে কোনো সরকারি তদন্ত বা সিদ্ধান্তের তথ্যও তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
এসব অভিযোগ ঘিরে বিভিন্ন মহলে আলোচনা-সমালোচনার মধ্যে তাকে রাজশাহীতে বদলি করা হয়েছে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন