যশোরের শার্শা সীমান্তে অভিযান চালিয়ে ৪৮৬ বোতল ভারতীয় নেশাজাতীয় উইনিক্স সিরাপ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এ ঘটনায় কোনো পাচারকারীকে আটক করা যায়নি।
সোমবার (২০ জুলাই) ভোরে পুটখালী বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় এসব সিরাপ উদ্ধার করা হয়।
খুলনা ব্যাটালিয়নের (২১ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাফিজ ইমতিয়াজ আহসান জানান, মাদক ও চোরাচালানবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় পুটখালী বিওপির সদস্যরা বিশেষ অভিযান পরিচালনা করে ৪৮৬ বোতল ভারতীয় উইনিক্স সিরাপ উদ্ধার করেন।
তিনি আরও জানান, দেশের সীমান্ত এলাকায় মাদক ও সব ধরনের চোরাচালান প্রতিরোধে বিজিবির কঠোর ও নিবিড় অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন