ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার আঠারবাড়ি ইউনিয়নের সরাতি গ্রামে দীর্ঘদিনের মাদকবিরোধী ক্ষোভের জেরে এক মাদক কারবারির বাড়িতে ভাঙচুরের ঘটনা ঘটেছে। এলাকাবাসীর দাবি, ওই পরিবারের মাদক কারবারের কারণে গ্রামের যুবসমাজ বিপথগামী হয়ে পড়ছিল এবং সামাজিক পরিবেশ দিন দিন অবনতির দিকে যাচ্ছিল।
স্থানীয়দের অভিযোগ, আবুল (৫০) দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তার ছেলে শাহআলম (২৮) ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত বলেও অভিযোগ রয়েছে। এ ছাড়া আবুলের স্ত্রী সাহানা (৩৮) বাড়িতে মাদক ব্যবসার কার্যক্রম তদারকি করতেন বলেও অভিযোগ করেন এলাকাবাসী। তাৃদের দাবি, পুরো পরিবারই মাদক ব্যবসার সঙ্গে সম্পৃক্ত।
এ অবস্থায় ক্ষুব্ধ গ্রামবাসী একত্রিত হয়ে আবুলের বাড়িতে ভাঙচুর চালান। একই সঙ্গে বাড়িতে একটি সাইনবোর্ড টানিয়ে সেখানে ‘মাদক ব্যবসায়ীর বাড়ি’ লেখা হয়।
স্থানীয় যুবক ইয়াসিন বলেন, এটি কোনো ব্যক্তিগত প্রতিশোধ নয়; বরং ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করার এক মরিয়া প্রতিবাদ।
আরেক স্থানীয় যুবক রাজন বলেন, মাদক শুধু একজন মানুষকে নয়, একটি পরিবার, একটি সমাজ, এমনকি একটি জাতির ভবিষ্যৎকেও ধ্বংস করে দেয়। তাই মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন জরুরি।
এলাকাবাসী সংশ্লিষ্ট প্রশাসনের কাছে মাদক নির্মূলে আরও কঠোর ও কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন। তাদের ভাষ্য, যুবসমাজকে বাঁচাতে হলে মাদককে ‘না’ বলতে হবে আজই, এখনই।
এ বিষয়ে আঠারবাড়ি তদন্ত কেন্দ্রের ইনচার্জ মহিউদ্দিন বলেন, আবুল মাদক ব্যবসার সঙ্গে জড়িত এমন তথ্য তাদের কাছে রয়েছে। তবে বাড়িতে ভাঙচুরের ঘটনায় তারা অবগত নন। এ বিষয়ে তাদের কাছে কোনো তথ্য নেই। ঘটনাটি নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে পরবর্তী কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কি না, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন