নারায়ণগঞ্জের চাষাড়ায় কেন্দ্রীয় শহীদ মিনারে বাউলদের ওপর হামলার বিচারের দাবিতে কর্মসূচির ব্যানার ছিঁড়ে ফেলায় এক যুবককে আটক করেছে পুলিশ।
রোববার (৩০ নভেম্বর) বেলা তিনটার দিকে এ ঘটনা ঘটে বলে জানান সদর মডেল থানার ওসি মোহাম্মদ নাছির আহমদ। তবে তাৎক্ষণিকভাবে ওই যুবকের নাম-পরিচয় জানা যায়নি। পরে কেন্দ্রীয় শহীদ মিনারে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। একই সঙ্গে পুলিশ শহীদ মিনার এলাকা থেকে ভাসমান হকারদের সরিয়ে দেয়।
বেলা সোয়া চারটার দিকে কেন্দ্রীয় শহীদ মিনারে নারায়ণগঞ্জ জেলা বাউল শিল্পী ও ওলি-আউলিয়াদের ভক্ত-আশেকানদের আয়োজনে মাজারে হামলা ও বাউলদের ওপর হামলার প্রতিবাদে সমাবেশ শুরু হয়।
এ সময় উপস্থিত ছিলেন: নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের উপদেষ্টা রফিউর রাব্বি, গণসংহতি আন্দোলনের জেলা সমন্বয়কারী তরিকুল সুজন, নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সভাপতি মনি সুপান্থ, সাধারণ সম্পাদক দিনা তাজরিন, সুশাসনের জন্য নাগরিক (সুজন) জেলা সভাপতি ধীমান সাহা জুয়েল, বাউল শিল্পী ইউনূস ভান্ডারী, চান মিয়া, ফকির শাহ জালাল প্রমুখ।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি নাছির আহমদ বলেন, ‘সংঘাতের আশঙ্কা থাকায় যেকোনো প্রতিকূল পরিস্থিতি মোকাবেলায় পর্যাপ্ত পুলিশ সদস্য নিয়ে আমরা প্রস্তুত রয়েছি।’
এ ছাড়া সমাবেশস্থলে নিরাপত্তার স্বার্থে র্যাব-১১-এর সদস্যদের অবস্থান নিতে দেখা যায়।



সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন